রোজদিন ডেস্ক : দার্জিলিং ম্যালের বিখ্যাত গ্লেনারির নিচের পানশালা তিন মাসের জন্য বন্ধ করে দিল আবগারি দফতর। পাহাড়ের আইজেএফ নেতা অজয় এডওয়ার্ড-এর মালিকানাধীন এই পানশালার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে আবগারি দফতর তা বন্ধের নির্দেশ দিয়েছে বলে প্রকাশ। যদিও এর নেপথ্যে রাজনীতি আছে বলে গুঞ্জন উঠেছে। সম্প্রতি একটি নতুন সেতুর সামনে গোর্খাল্যান্ড লিখে বিতর্কে জড়িয়েছেন তিনি।
সূত্রের খবর, পাহাড়ে ফের গোর্খাল্যান্ড-এর দাবি উসকে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
অজয় এডওয়ার্ড-এর দাবি, বিজনবাড়ির টুংসুং চা-বাগানের কাছের ওই সেতু সরকারি খরচে হয়নি। স্থানীয় মানুষ চাঁদা তুলে তা করেছেন। সেখানে গোর্খাল্যান্ড লেখা তিনি অন্যায্য মনে করেন না।
যদিও ১৪০ ফুট দীর্ঘ এই সেতু নিয়ে পাহাড়ে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। এই সেতু নির্মাণে সরকারের অনুমতিও নেওয়া হয় নি। স্থানীয় মানুষ, কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা, অজয় এডওয়ার্ড-এর সহায়তায় তা তৈরি হয়েছে। এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ও সুবিধার জন্য তা নির্মিত হয় বলে প্রকাশ। একে বেআইনি বলে দাগিয়ে দিচ্ছে জিটিএ।
এরই মাঝে অজয় এডওয়ার্ড-এর মালিকানাধীন পানশালায় অনিয়মের অভিযোগ তুলে তা বন্ধ করে দেওয়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে। জিটিএ-ও এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছে।
স্থানীয় মানুষের একাংশের বক্তব্য, এতদিন পর আচমকা আবগারি দফতরের টনক নড়লো!! আসলে টুংসুং এর এই সেতু ও তার নাম নিয়ে বিতর্কের প্রেক্ষিতে সরকার নড়েচড়ে বসেছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment