রোজদিন ডেস্ক : দত্তাবাদের স্বর্ণকার স্বপন কামিল্যার অপহরণ এবং খুনের মামলায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের আগাম জামিন খারিজ করল কলকাতা হাইকোর্ট। কেন তাঁর আগাম জামিন মঞ্জুর হয়েছিল, আগেই তা নিয়ে নিম্ন আদালতের ভূমিকায় প্রশ্ন তুলেছিলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সোমবার আগাম জামিন খারিজ করে আদালত জানিয়ে দিয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে প্রশান্তকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। বিচারপতি ঘোষের আরও পর্যবেক্ষণ, অভিযুক্ত একজন ডব্লিউবিসিএস অফিসার বলেই কি তাঁকে জামিন দেওয়া হয়েছিল? বিচারপতি আরও প্রশ্ন তোলেন, এই খুনের মামলায় সহযোগীরা জেলে রয়েছেন। কিন্তু মূল অভিযুক্ত জামিনে, এটা কিভাবে সম্ভব? গত ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপনের দেহ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই মামলায় নাম জড়ায় প্রশান্তর। তিনি এই ঘটনার মূল অভিযুক্ত। সম্প্রতি তাঁকে আগাম জামিন দিয়েছিল বারাসত আদালত। সেই জামিনের বিরোধিতা করে হাইকোর্টে আবেদন জানায় বিধাননগর পুলিশ। সোমবার এই সংক্রান্ত মামলায় বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, খুনের মতো ঘটনায় জামিন বা আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে নিম্ন আদালতকে যে বিষয়গুলির উপর নজর রাখতে হয়, এই ক্ষেত্রে তার কোনওটাই করা হয়নি।

Be the first to comment