প্রতিবেদন: বাংলায় এসে অনুপ্রবেশকারীদের নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই সন্ধ্যায় দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহকে পালটা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন, আগে আপনি আপনার দলের দুই সাংসদের অভিযোগের জবাব দিন। রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ বলেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীই আসল পাকিস্তানি। আর এক সাংসদ জগন্নাথ সরকার বলেছেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে বর্ডার বলে কিছু থাকবে না। কাঁটাতারের বেড়া সব উঠে যাবে। তিনি প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এঁদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছেন? কী শাস্তি হয়েছে এদের?এরপর আরও সুর চড়িয়ে বলেন, বাংলার সীমান্ত পাহারা দেয় বিএসএফ। তাঁরা কার অধীনে? স্বরাষ্ট্রমন্ত্রীর। দিল্লি বা জম্মু-কাশ্মীরের আইন-শৃঙ্খলার দায়িত্ব কার? কেন্দ্রের। দায়িত্বে কে? অমিত শাহ। স্বাধীনোত্তর ভারতের ব্যর্থতম এবং অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। বাংলায় যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে আপনি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে তো সবচেয়ে আগে আপনারই পদত্যাগ করা উচিত। আগামীকাল বুধবার, দিল্লিতে নিবার্চন কমিশনের সদর দফতরে শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অভিষেক-সহ তৃণমূলের প্রতিনিধি দল। দিল্লি যাওয়ার আগে তিনি মতুয়াদের কথা টেনে বলেন, বিকেপিরই মন্ত্রী বলছেন, ১ লক্ষ মতুয়ার নাম যদি বাদ যায় যাবে! এরা দুর্নীতি বন্ধ করার কথা বলছে, আর সবচেয়ে বড় দুর্নীতিবাজ প্রেস কনফারেন্সে তাঁর পাশে বসে আছে। যাকে প্রকাশ্যে ঘুষ নিতে দেখা গিয়েছে। অসমের মুখ্যমন্ত্রী বাংলাকে বারবার অপমান করেছেন। তার সঙ্গে প্রেস কনফারেন্স করে বাংলায় আসছেন। যারা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, স্বামীজিকে অপমান করে, বাংলার ইতিহাস জানে না, তাঁদের মুখে বাংলার জন্য মায়াকান্না শুনতে হবে নাকি? জোর করে এসআইআর করতে ওদের জন্য ৫৭ জনের মৃত্যু হয়েছে। যাঁরা মারা গিয়েছেন, তাঁরা কারা, অনুপ্রবেশকারী? কমিশন কেন বলছে না, এদের ক’জন রোহিঙ্গা? ক’জন বাংলাদেশি? যাদের জন্য অনুপ্রবেশ হচ্ছে সেই আইবি চিফের মেয়াদ বাড়ানো হচ্ছে কী কারণে? কী লুকোতে চাইছেন সব বলতে হবে।

Be the first to comment