রোজদিন ডেস্ক : জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-র বিরুদ্ধে মামলা দায়ের করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-র বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করেছেন তিনি। এরমধ্যে আবার সোমবার ২ ফেব্রুয়ারি বিকেল চারটেয় কমিশনের সদর দফতর দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তৃণমূলনেত্রীর। সেই বৈঠকের আগেই মামলা দায়ের করায় পরস্পরের বিরুদ্ধে লড়াই আরও তীব্র হল বলেই মনে করা হচ্ছে। আগামী বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলাটি রয়েছে। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে। তৃণমূলের তরফে আগেই রাজ্যসভার সাংসদ দোলা সেন, ডেরেক ও ব্রায়েন এবং লোকসভার সাংসদ মহুয়া মৈত্র এসআইআর নিয়ে মামলা দায়ের করেছেন। রাজনৈতিক মহলের মতে, দিল্লিতে সাক্ষাতের আগে চিঠি দেওয়ার পাশাপাশি মামলা দায়ের করে কমিশনের উপর চাপ তৈরি করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment