রোজদিন ডেস্ক : আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শেষ অধিবেশন। এই অধিবেশনেই পেশ করা হবে ভোট অন অ্যাকাউন্ট। চারদিনের এই সংক্ষিপ্ত অধিবেশন শুরুর আগে সোমবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে বিধানসভায় সর্বদল বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। তবে বৈঠকে বিরোধী বিজেপির কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠকের পর অধ্যক্ষ জানান, বিধানসভার নিয়ম অনুযায়ী সরকার পক্ষের আনা প্রস্তাব গ্রহণ করা হচ্ছে, কিন্তু বিরোধী বিধায়কদের বক্তব্য রাখার সুযোগও থাকবে। নওশাদ সিদ্দিকি চাইলে তাঁর অবস্থান বিধানসভায় তুলে ধরতে পারবেন বলেও স্পষ্ট করেন তিনি। অধ্যক্ষের কথায়, এসআইআর চালু হওয়ার পর একাধিক মৃত্যুর ঘটনা ও বহু মানুষের আহত হওয়ার খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে বিধানসভায় আলোচনা প্রয়োজন বলে মনে করছে সরকার পক্ষ।
প্রথমদিনে সাম্প্রতিক কালে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণের মাধ্যমে অধিবেশনের সূচনা হবে। এরপর সভা দিনের মতো মুলতুবি হয়ে যাবে। পরদিন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। সেই দিন দ্বিতীয়ার্ধে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী জনিত পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাবের উপর এক ঘণ্টা আলোচনা নির্ধারিত হয়েছে। একই দিনে অন্তর্বর্তী বাজেট প্রস্তাবের ওপরেও আলোচনা হবে। দ্বিতীয়ার্ধে রাজ্যপালের ভাষণের উপর দু’ঘণ্টা আলোচনার কর্মসূচি রয়েছে। সোমবার পণ্য পরিষেবা কর আইনের একটি সংশোধনী নিয়ে আলোচনা হওয়ার কথা। সময়ের অভাবে এই অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব রাখা হয়নি।

Be the first to comment