বারাণসীর মণিকর্ণিকা ঘাট, বাণিজ্য চুক্তি নিয়ে উত্তাল সংসদ

Spread the love

রোজদিন ডেস্ক : বারাণসীর বিখ্যাত মণিকর্ণিকা ঘাটের সংস্কার, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি ইত্যাদি নিয়ে আজ সংসদের অধিবেশন দফায় দফায় উত্তাল হয়। পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষ ওম বিড়লা দু-বার অধিবেশন মুলতবি রাখেন।
গতকাল লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীকে প্রাক্তন সেনা প্রধান এম এম নারভানের লেখা থেকে পড়তে আপত্তি জানিয়েছিলেন অধ্যক্ষ।
আজ সভার শুরুতে এই নিয়ে বিরোধী সদস্যরা তুমুল প্রতিবাদ করেন। অধ্যক্ষ তখন প্রাক্তন সাংসদ সুরুপসিং হির‍্যা নাইকের প্রয়াণে শোক প্রস্তাব পড়ার জন্য সদস্যদের শান্ত থাকার অনুরোধ করেন।
শোক প্রস্তাব পাঠের পর প্রয়াত প্রাক্তন সাংসদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালনের পরই সভাকক্ষ তেতে ওঠে।

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী আত্মসমর্পণ করেছেন ধ্বনি তুলে বিরোধী সদস্যরা সভার ওয়েলে নেমে তুমুল বিক্ষোভ দেখান৷ অধ্যক্ষ বারবার তা থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে এক ঘণ্টার জন্য সভার কাজ মুলতবি রাখেন। এই সব বিক্ষোভই পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেন ক্ষুব্ধ অধ্যক্ষ।
মুলতবির পর অধিবেশন শুরু হলে বারাণসীর মণিকর্ণিকা ঘাটে সংস্কারের নামে সব ধ্বংস করা হচ্ছে অভিযোগ করে তুমুল হট্টগোল শুরু করেন সমাজবাদী সদস্যরা৷ তাঁরা অহল্যা বাঈ হোলকারের ছবি-সহ ব্যানার তুলে তুমুল বিক্ষোভ দেখান। অভিযোগ করেন, অহল্যা বাঈ হোলকারের স্মৃতি ধন্য এই ঘাট সংস্কারের নামে তাঁকে অপমান করা হচ্ছে। এই নিয়ে সরকার ও বিরোধী পক্ষের তুমুল বাদবিতন্ডা বাধে। অধ্যক্ষ দুপুর দুটো অবধি ফের অধিবেশন মুলতবি রাখেন।
আজ প্রশ্নোত্তর পর্বে একটিই প্রশ্ন ওঠে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*