রোজদিন ডেস্ক : দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হল। বুধবার প্রথম দিনে নির্ঝঞ্ঝাটে শেষ হল উচ্চ মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। এদিন পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রীও।
এদিন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, প্রথম দিনে একেবারে নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে। ৪র্থ সেমিস্টারের পাশাপাশি তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো সিলেবাসে যে পরীক্ষা হয়েছে সেগুলো সব ক’টাই মসৃণভাবে মিটেছে। ১০ জন হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে। মন্তেশ্বরের একটি স্কুলে একজন ফোন নিয়ে ধরা পড়েছে। তার এই বছরের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই ঘটনা ছাড়া আর কোনও অভিযোগ নেই। পড়ুয়াদের সুবিধায় পরিবহণ দফতরও কোমর বেঁধে নামে এবার। রাস্তায় নামানো হয় অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাস, যাতে সকাল-সকাল পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও সমস্যায় পড়তে না হয়। পুলিশি নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। মোড়ে মোড়ে পুলিশি সক্রিয়তা নজরে পড়ে স্পষ্ট। রাজ্যের ৮২২টি মেইন ভেন্যু এবং ২,১০৩টি সাব ভেন্যুতে পরীক্ষা হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় উপস্থিতির হার ৯৯ শতাংশ। পরীক্ষা শুরুর দিনেই শহরের একাধিক স্কুল পরিদর্শন করেন সংসদ সভাপতি এবং সচিব।

Be the first to comment