রোজদিন ডেস্ক : বিদেশিদের সামনে এআই সম্মেলনের শেষ দিন যুব কংগ্রেসের জামা খুলে প্রতিবাদ বিক্ষোভের তীব্র নিন্দা করলেও টিএমসি-সহ অন্য বিরোধীদের প্রচ্ছন্ন প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!!
মেরঠের এক অনুষ্ঠানে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে তিনি একে নোংরা, নগ্ন রাজনীতি বলে তুলোধুনো করেন। বলেন, “টিএমসির কেউ কি এই পাপ করেছে? না। ডিএমকে সদস্যরা? না। বিএসপি? ফারুক আবদুল্লার দল? কেউ না। একমাত্র কংগ্রেস এর নেতারা তা করেন।” বেলাগাম কংগ্রেস দেশকে ধ্বংসের দিকে নিচ্ছে বলে তিনি তোপ দাগেন।
পশ্চিমবঙ্গে গেরুয়া শিবির যখন রাজ্যে ক্ষমতা দখলের লক্ষ্যে শাসক টিএমসি-র বিরুদ্ধে খড়্গহস্ত, তখন প্রধানমন্ত্রীর এই বক্তব্য তাদের হতাশ করেছে বলে রাজনৈতিক মহল মনে করেন।
রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব পৃথক ভাবে এআই সম্মেলনে যুব কংগ্রেসের এই জামা খুলে বিক্ষোভের তীব্র নিন্দা করেছেন। সমাজমাধ্যমে বাবুল সুপ্রিয় লেখেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের মর্যাদা বিসর্জন দিয়ে এই ধরনের প্রতিবাদ করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।
সমাজবাদী নেতা অখিলেশ যাদবও বিদেশিদের সামনে এই কুরুচিকর প্রতিবাদ আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের মর্যাদা নষ্ট করেছে বলে জানিয়েছেন।
যুব কংগ্রেসের পক্ষে প্রধানমন্ত্রীর মন্তব্যের পালটা প্রতিবাদ করে বলা হয়, ভারতের সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে তাঁরা নিশ্চয়ই প্রশ্ন তুলবেন, প্রতিবাদও করবেন। কংগ্রেস নেতৃত্বও এই বিষয়ে তাঁদের পাশে আছেন। বাণিজ্য চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী আমেরিকার সঙ্গে সমঝোতা করেছেন, এই নিয়ে প্রশ্ন তোলার অধিকার তাঁদের আছে বলে জানান।
অন্য দিকে এই ঘটনায় ধৃতদের জামিন মেলেনি। পুলিশ তদন্ত চালাচ্ছে।

Be the first to comment