রোজদিন ডেস্ক : তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সঙ্গে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার মেট্রো চ্যানেল অনেকখানি জুড়ে রয়েছে। ঐতিহাসিক সিঙ্গুর আন্দোলনের সময় নেত্রীর লড়াই ও ২৬ দিনের অনশনের স্মৃতি আজও ভোলেনি মানুষ। সেবার ছিল জমি রক্ষার লড়াই, আর এবার বাংলার মানুষের অধিকার রক্ষার লড়াই। ফের ধরনায় বসছেন সেই মেট্রো চ্যানেলেই। এবার কমিশন ও বিজেপির চক্রান্তের এসআইআর-এ রাজ্যের লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে। শুক্রবার দুপুর ২টো থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনা-অবস্থানে বসবেন তৃণমূলনেত্রী। বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় এই কর্মসূচির পোস্টার লঞ্চ করেছে তৃণমূল কংগ্রেস। ‘নাগরিকদের ভোটাধিকার এই আমাদের অঙ্গীকার’ শীর্ষক এই পোস্টার প্রকাশ করে বাংলার মানুষের অধিকার রক্ষার আহ্বান জানানো হয়েছে। কমিশনের কাঁধে বন্দুক রেখে বিজেপির গণতন্ত্র হত্যার চেষ্টা ও সাধারণ মানুষের ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এই কর্মসূচির মুখ্য লক্ষ্য। মেট্রো চ্যানেলের এই মঞ্চ থেকেই বিজেপি ও নির্বাচন কমিশনের সন্মিলিত চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন মমতা। এসআইআরের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আইনি পথে হাঁটার পাশাপাশি মানুষের দরবারেও পৌঁছতে চান তিনি। বহু মানুষ এখনও তালিকায় ‘বিবেচনাধীন’। সাধারণ মানুষের স্বার্থে তাঁদের ভোটাধিকারের দাবিতে তাই আর একবার পথে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। এই ধরনামঞ্চ থেকেই দলীয় কর্মীদের জন্য তৈরি করে দেবেন আগামীর রোডম্যাপ।চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এক লড়াইয়ের সাক্ষী হতে তৈরি ধর্মতলার মেট্রো চ্যানেল।

Be the first to comment