বিজেপির প্রার্থী হতে চলেছেন অভয়ার মা!! তৃণমূলের মূল উপড়ে ফেলতে চান

Spread the love

রোজদিন ডেস্ক :
আর জি করে নৃশংসভাবে ধর্ষিত, নিহত তরুণী চিকিৎসকের মা এবার পানিহাটি বিধানসভায় বিজেপির প্রার্থী হতে চলেছেন। আজ তিনি এর সত্যতা স্বীকার করেন। বলেন, প্রথম থেকেই তিনি এই প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু রাজী হননি। আজ দৃশ্যত ক্ষুব্ধ অভয়ার মা বলেন, রাজ্যে নারী নিরাপত্তা, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়তে চান। তৃণমূলের মূল উপড়ে দিতে চান বলে পরিস্কার জানিয়ে দেন।
তাঁর এই দৃঢ় বক্তব্য ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দেয়। অভিজ্ঞ মহল একে বিজেপির মাস্টারস্ট্রোক বলে মনে করেন।
উল্লেখ্য ২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ, হত্যার ঘটনায় দেশব্যাপী আলোড়ন উঠেছিল। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। রাজ্যে এই ঘটনার জেরে আন্দোলন তুঙ্গে ওঠে। সিবিআই এই হাড়হিম করা ভয়ংকর ঘটনার তদন্ত ভার নিলেও শেষ অবধি কলকাতা পুলিশের তদন্তেই শিলমোহর দেয়। যা নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়েন অভয়ার মা বাবা।

একমাত্র কন্যা সন্তানের নৃশংস হত্যাকান্ডর বিচারের দাবিতে এখনও লড়াই করছেন তাঁরা।
বারবার কলকাতা, দিল্লি যাতায়াত করেছেন, শাসক দল ছাড়া সব রাজনৈতিক দল তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। তবু সঠিক বিচার এখনও পাননি বলে তাঁদের অভিযোগ।
এবার নির্বাচনী ময়দানে নেমে মেয়ের বিচার ছিনিয়ে আনতে আগ্রহী তাঁরা।
সূত্রের খবর, কিছুদিন আগে বিজেপি নেতা অর্জুন সিংহ তাঁদের বাড়ি গেছিলেন। কি কথা হয়েছিল, কোন পক্ষই মুখ খোলেন নি।
এবার অভয়ার মা ভোটের ময়দানে দাঁড়ানোর খবরে সর্বত্র চাঞ্চল্য দেখা দিয়েছে।
বামফ্রন্ট ইতিমধ্যে সিপিএমের তরুণ নেতা কলতান দাশগুপ্ত কে পানিহাটিতে প্রার্থী করেছে। মনোনয়ন পাওয়ার পরই অভয়ার মা বাবা র সঙ্গে দেখাও করে এসেছেন কলতান দাশগুপ্ত। সঙ্গে ছিলেন এলাকার প্রবীণ নেতা দুলাল চক্রবর্তী সহ অন্য নেতারাও।
অভয়ার মা এই কেন্দ্রে দাঁড়ালে সিপিএম কি সিদ্ধান্ত নেয় তাই এখন দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*