রোজদিন ডেস্ক : আসন্ন নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৬০ হাজারেরও বেশি ভোটে জেতানোর টার্গেট দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন ভবানীপুরের কর্মীসভায় অভিষেক বলেন, ভবানীপুরে আমাদের ২৩১টা বুথে লিড ছিল। এবার সেটাকেও ছাপিয়ে যেতে হবে। ফলাফল নিয়ে কেউ যেন আত্মতুষ্টিতে না ভোগেন। কর্মীদের প্রত্যেককে নিজের নিজের জায়গায় অন্তত ৫টা করে ভোট বাড়াতেই হবে বলেও নির্দেশ দেন তিনি। শুধু জিতলেই হবে না, জয়ের মার্জিন ৬০ হাজারের বেশি করতে হবে। কলকাতার মধ্যে জয়ের ব্যবধানে এক নম্বরে রাখতে হবে ভবানীপুরকে।

এর আগে৷ ২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে সামান্য ব্যবধানে হারের পর ভবানীপুরে উপনির্বাচনে সাড়ে ৫৮ হাজারের বেশি ভোটে জেতেন তৃণমূলনেত্রী। এবার সেই ব্যবধান আরও বাড়ানোর কথা বলেন তিনি। রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে স্থানীয় কাউন্সিলর, ব্লকস্তরের নেতা, দলের শীর্ষ নেতাদের নিয়ে কর্মিসভা করেন তৃণমূল সুপ্রিমো। আর এখান থেকেই দলের নেতা-কর্মীদের এই বার্তা দিলেন অভিষেক।

Be the first to comment