রোজদিন ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বাড়ছে এলপিজি-সহ সব ধরনের পেট্রোপণ্যের দাম। দেশে এরই মধ্যে বেড়েছে এলপিজি ও সিএনজির দাম। বিশ্ববাজারে উর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেল-এর দাম। এর প্রভাব নিয়ন্ত্রণে এবার বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার পেট্রোল ও ডিজেলের উপর থেকে লিটার প্রতি ১০ টাকা করে কমানো হল আবগারি শুল্ক। সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে এর ফলে পেট্রোলের ক্ষেত্রে লিটার প্রতি শুল্ক কমে হল ৩ টাকা, অন্যদিকে ডিজেলের উপর কোনও শুল্কই রইল না। এর ফলে কিছুটা উপকৃত হবেন আমজনতা। তবে এতে মানুষের খুব লাভ হবে না। কারণ, বিশ্ববাজার থেকে অতিরিক্ত দামে কেনা তেল এতদিন সরকারি নিয়ন্ত্রণের কারণে পুরনো দামেই বিক্রি করছিল তেল বিপণনকারী সংস্থাগুলি। এবার সেই ক্ষতি তারা কিছুটা পুষিয়ে নিতে পারবে। ফলে শুল্ক হ্রাসের সিংহভাগ সুবিধা পাবে তারা। তবে শুল্ক কমার ফলে আপাতত যতটা দাম বাড়ার সম্ভাবনা ছিল, সেটা কিছুটা নিয়ন্ত্রনে থাকবে, এটাই আম জনতার জন্য ভালো খবর।

Be the first to comment