রোজদিন ডেস্ক : ভোটের মুখে ফের বেকায়দায় তৃণমূল শিবির। জমি সংক্রান্ত একটি প্রতারণা মামলায় ইডি-র তদন্তে উঠে আসে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নাম। তারপরই সোমবার তাঁকে তলব করা হয়। ইডির তলব পেয়েই আজ সোমবার সিজিও কমপ্লেক্সে ইডি-র অফিসে হাজিরা দিলেন রাসবিহারী তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার। গত শনিবার দক্ষিণ কলকাতার একটি নির্মাণ সংস্থার অফিসে ইডি তল্লাশি চালায়। ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, পুরসভার সাহায্য নিয়ে বিভিন্ন জায়গায় জমি দখল করে বেআইনি নির্মাণ করা হয়েছে। সেক্ষেত্রে দেবাশিস কুমারের এলাকাতেও এই ধরনের নির্মাণ হয়েছে। সেই বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ আসার পর তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার ভিত্তিতে দেবাশিস কুমারকে তলব করা হয়। সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে। যদিও তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দেবাশিসকে তলব করা হয়েছে।

Be the first to comment