রোজদিন ডেস্ক : নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা এবং বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নির্বাচন কমিশন ভোটমুখী বাকি চার রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও ২৪ ঘণ্টার বিশেষ মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে। এই নিয়ে কমিশনে চিঠি দিলেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। চিঠিতে জানানো হয়েছে, নির্বাচন সংক্রান্ত বিধিভঙ্গ দ্রুত চিহ্নিত করা এবং রিয়েল-টাইমে ব্যবস্থা নেওয়ার জন্য ‘ডেডিকেটেড ২৪x৭ মিডিয়া মনিটরিং সেন্টার’ গড়ে তোলা হবে। এই কেন্দ্রগুলি থেকে টেলিভিশন নিউজ চ্যানেল ও সোশ্যাল মিডিয়া, দু’য়ের ওপরেই নজর রাখা হবে। নির্দেশ অনুযায়ী, সিইও দফতরে আলাদা মনিটরিং রুম তৈরি করতে হবে, যেখানে একাধিক স্ক্রিনে অন্তত ১০টি গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম সারাক্ষণ পর্যবেক্ষণ করা হবে। এর পাশাপাশি শিফট হিসেবে কর্মী মোতায়েন করে ২৪ ঘণ্টা নজরদারি চালানোর কথা বলা হয়েছে। সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণের জন্য আলাদা ডেস্ক ও ইন্টারনেট সংযোগের ব্যবস্থাও রাখতে হবে। কোনও অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো এবং প্রতিদিনের রিপোর্ট তৈরি করাও বাধ্যতামূলক করা হয়েছে। দ্রুত তথ্য আদানপ্রদানের জন্য আলাদা হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। এই গোটা বিষয়টি আগামীকাল শনিবার বৈঠক ডেকেছে সিইও দফতর। সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন জেলা প্রশাসনের আধিকারিকরাও।

Be the first to comment