রোজদিন ডেস্ক :
বারবার রাজ্যে প্রচারে এলেও তাঁকে কোন দোকানে যেতে দেখেননি কেউ। তিনি এখানকার কোন খাবার ভালবাসেন তা ও অজানা। আজ ঝাড়্গ্রামের প্রচার সভার ফাঁকে আচমকাই একটি মুড়ির দোকানে চলে যান প্রধানমন্ত্রী। দশ টাকার ঝালমুড়ি কিনে খোশমেজাজে তা খান। প্রধানমন্ত্রীকে রসিয়ে ঝালমুড়ি খেতে দেখে সেখানে ভিড় জমে যায়। অনেকেই এই বিরল ঘটনা মুঠোফোন বন্দি করেন।
রসিকজনরা প্রশ্ন তোলেন, দিদির (মমতা ব্যানার্জি) মত মোদিজি ও মুড়িতে মজলেন!!

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর মুড়ি প্রেম সর্বজনবিদিত। অত্যন্ত মিতাহারী মুখ্যমন্ত্রী মুড়ি, চিঁড়ে ইত্যাদি দিয়েই প্রতিদিন আহার সারেন। বহু বছর ভাতও খান না।
অন্যদিকে গুজরাটের নিরামিষের বহু পদ পছন্দ প্রধানমন্ত্রীর। এবার বঙ্গের নির্বাচন যুদ্ধ তাঁর মর্যাদার লড়াই। এখানে ক্ষমতা দখলে তিনি মরিয়া। এবং তা হাসিল শুধু সময়ের অপেক্ষা বলে মনেও করেন।

বঙ্গ জয়ের চিন্তা থেকেই তিনি মুড়ি ঝালমুড়ির প্রতি আসক্ত হলেন কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

Be the first to comment