রোজদিন ডেস্ক :
আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় এবার আই প্যাকের অধিকর্তা ঋষি রাজ সিংকে তলব করলো ইডি। আগামীকাল দিল্লিতে সংস্থার সদর দফতরে তাঁকে যেতে বলা হয়েছে।
আইআইটি কানপুরের প্রাক্তনী, মেধাবী ঋষি রাজ সিং একাধিক নামী ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং-এ কাজ করেছেন। এর আগেও তাঁর বাড়ি, কার্যালয়ে ইডি তল্লাশি চালিয়েছে।
অতি সম্প্রতি আই প্যাকের অন্যতম-সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল কে দিল্লি থেকে গ্রেফতার করেছে ইডি। তিনি ইডি হেফাজতেই আছেন।
এবার ডাক পড়লো ঋষি রাজ সিং-এরও।
গত জানুয়ারি তে কলকাতায় আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কার্যালয়ে ইডি-র তল্লাশির সময় তুলকালাম বাধে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে সেখানে চলে যান। তাঁর দাবি, আই প্যাক তাঁদেরই দল। ইডি-কে দিয়ে কেন্দ্র তাঁদের নির্বাচন সংক্রান্ত সব নথি হাতাতে চায় বলে তিনি প্রকাশ্যে অভিযোগ করেন।
অন্যদিকে আই প্যাক রাজ্যে তাদের সব কর্মীদের ২০ দিনের ছুটিতে যেতে বলেছে। সংস্থার বক্তব্য, তারা আইনের শাসনে বিশ্বাসী। সমগ্র প্রক্রিয়ায় তাঁরা সহযোগিতা করছেন। নির্দিষ্ট সময়ে বিচার মিলবে বলে তাঁদের আশা।
কর্মীদের ১১ মে-র পর যোগাযোগ করা হবে।
প্রচার মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ায় নানা বিভ্রান্তি দেখা দেয়।
শাসক টিএমসি এতে অস্বস্তিতে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
আগামীকাল ঋষি রাজ সিং ইডি দফতরে যাবেন কিনা তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে।

Be the first to comment