রোজদিন ডেস্ক : যাদবপুরের পড়ুয়াদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তিনি প্রধানমন্ত্রীর শিষ্টাচার ও সৌজন্যবোধ নিয়ে প্রশ্নও তোলেন। শুক্রবার এক্স হ্যান্ডলে এনআইআরএফ র্যাঙ্কিংয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থান দখল করার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে নিশানা করে লেখেন, আপনার সরকারের দেওয়া র্যাঙ্কিংয়েই যাদবপুর প্রতি বছর সেরা স্থান পায়। আর সেই শ্রেষ্ঠত্বের কেন্দ্রকে আপনি অপমান করছেন? এত নীচে নামলেন?
পড়ুয়াদের মেধার প্রশংসা করে তৃণমূলনেত্রী লেখেন, যাদবপুরের পড়ুয়ারা মেধাবী। তাঁরা ডিগ্রি অর্জন করেন, তাঁদের নিজস্ব বুদ্ধি আছে, প্রশ্ন করার ক্ষমতা আছে। এটা অরাজকতা নয়, এটা শিক্ষা এবং শ্রেষ্ঠত্ব। অরাজকতা’র একটি দীর্ঘ তালিকা প্রকাশ্যে এনে তিনি লেখেন, বুলডোজার দিয়ে ন্যায়বিচারের বদলে শক্তির প্রদর্শন করা হয়, কৃষকদের কণ্ঠরোধ করা হয়, রাজনীতির স্বার্থে ধর্ষকদের মুক্তি দেওয়া হয়। গরিব মানুষের নিজের পাওনা থেকে বঞ্চিত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ, সংবাদমাধ্যমের মুখোমুখি হতে ভয় পাওয়া এবং দায়বদ্ধতা এড়িয়ে যাওয়াকেই অরাজকতা বলে। নৈরাজ্য হল মণিপুর জ্বলছে, অথচ প্রধানমন্ত্রী তাতে নির্বিকার ও নির্বাচনী প্রচারে ব্যস্ত। পড়ুয়াদের প্রতিবাদ মানে গণতন্ত্রের পতন নয়, বরং গণতন্ত্রের সক্রিয়তা। শ্রী অরবিন্দর মতো মনীষীদের অনুপ্রেরণায় গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠান এবং বাংলাকে এভাবে কলঙ্কিত করবেন না।

Be the first to comment