রোজদিন ডেস্ক :
রাজ্যের প্রিসাইডিং অফিসারের প্রাণ বাঁচালেন সুদূর মধ্য প্রদেশ থেকে আসা চার পুলিশ কর্মী। তাঁদের এই মানবিকতায় খুশি মধ্যপ্রদেশের ডিজিপি তাঁদের পুরস্কৃত করেছেন।
সূত্রের খবর, গতকাল প্রথম দফার নির্বাচনে দুর্গাপুরের প্রণবানন্দ বিদ্যানগরের ৫৭ নম্বর পোলিং বুথে আচমকাই প্রিসাইডিং অফিসার অরূপ সান্যাল হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন, এতে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে।
সেখানে মধ্যপ্রদেশ পুলিশের বিশেষ সশস্ত্র বাহিনীর (এসএএফ) কর্তব্যরত কনস্টেবল সন্দীপ কুমার চটজলদি তাঁকে সিপিআর দিয়ে সুস্থ করেন। বাহিনীর আরও তিন কর্মী বাসুদেব সিং (এএসআই) , দুই কনস্টেবল দীপক যাদব ও ব্রিজেশ কুমার তড়িঘড়ি তাঁকে জরুরি চিকিৎসা ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে যান।
এই রাজ্যের বিধানসভা নির্বাচনে গোয়ালিয়রের দ্বিতীয় এসএএফ ব্যাটেলিয়নের এই মানবিক কাজে খুশি মধ্য প্রদেশের ডিজিপি কৈলাস মাকওয়ানা সময়মত সিপিআর দিয়ে অরূপ সান্যালকে বাঁচিয়ে তোলার জন্য সন্দীপ কুমারকে ৫ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেন।
সময়মত প্রিসাইডিং অফিসারকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বাকি তিন জনকে ও পুরস্কৃত করেন মধ্য প্রদেশের ডিজিপি। এএসআই কে ১৫০০ টাকা ও দুই কনস্টেবলকে ১ হাজার টাকা করে পুরস্কার দেন তিনি।
বলেন, ইউনিফর্ম এর প্রতিশ্রুতি রক্ষায় মধ্য প্রদেশের পুলিশ যে তৎপরতা দেখিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি উচ্চ কন্ঠে বাহিনীর এই ভূমিকার প্রশংসা করেন।

Be the first to comment