রোজদিন ডেস্ক :
নির্বাচনের ফলাফল প্রকাশে এখনও বাকি নয় দিন। কংগ্রেসের আশা, এবার ক্ষমতায় আসছেন তাঁরাই। পরপর দুবার ক্ষমতায় এসে নজির সৃষ্টি করা সিপিএম নেতৃত্বাধীন সরকারের এবার বিদায় নিশ্চিত। তা ধরে নিয়েই দলের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসাবে উঠে আসছে তিন জনের নাম। মুখে না বললেও তিন নেতাই নিজেদের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরার প্রয়াসও নিচ্ছেন, এমনটাই মনে করেন রাজনৈতিক মহল।
সূত্রের খবর, কে সি বেণুগোপাল, রমেশ চেন্নিথালা ও ভি ডি সাথীসন এই দৌড়ে আছেন। সমাজ মাধ্যমেও তাঁদের নিয়ে নানা মন্তব্য শোনা যাচ্ছে। যা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।
গত ২৩ এপ্রিল বিশ্ব বই দিবসে তিন নেতার পৃথক পোস্ট নিয়ে সমাজ মাধ্যমে জোর আলোচনা চলছে।
ওই দিন কে সি বেণুগোপাল তাঁর নিজের ও কন্যার লেখা বই, উদ্বোধন করেন।
চেন্নিথালা বেছে নেন “কেরালা যাত্রা ” শীর্ষক এক পড কাস্ট, যেখানে কেরালার ভবিষ্যত উন্নয়নের রূপরেখা বলা হয়েছে।
ক্রিকেটার সঞ্জু স্যামসনকে নিয়েও উচ্ছ্বসিত তিনি।
সঞ্জুর ঢালাও প্রশংসা শোনা গেছে ভি ডি সাথীসনের কথাতেও। ইতিমধ্যে মালাপ্পুরমে তাঁর সম্ভাব্য মুখ্যমন্ত্রিত্ব নিয়ে অনুগামীরা পোস্টার দেওয়া ও শুরু করেছেন।
অন্যদিকে পিনারাই বিজয়নের নেতৃত্বে বামফ্রন্ট তৃতীয় বারের জন্য ফের ক্ষমতায় আসতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। ফলত ৪ মে ফল প্রকাশের আগে কংগ্রেসের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে দৌড়ের সমালোচনা ও শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। যা নিয়ে অস্বস্তিতে দল।

Be the first to comment