রোজদিন ডেস্ক : প্রথম দফার ভোট মিটতেই দ্বিতীয় দফার প্রস্তুতিতে তৎপর হল কমিশন। ১৪২টি আসনে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে রবিবার ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ‘কো-অর্ডিনেশন’ বৈঠক। সেখানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে আসনভিত্তিক দায়িত্ব বুঝিয়ে দেওয়া হল। এবার শুধু বুথেই নয়, নজরদারি বাড়ানো হচ্ছে বুথগামী রাস্তাতেও। অলি গলিতে পর্যন্ত টহল দেবে বাহিনী, যাতে কোনও অশান্তির পরিস্থিতি তৈরি না হয়। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানে বাড়তি বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। বৈঠকে জানানো হয়, দ্বিতীয় দফার ভোটে ১৬০টি মোটরবাইক মোতায়েন করা হবে। প্রতিটি বাইকে থাকবেন ২ জন করে সিএপিএফ জওয়ান। তাঁদের কাজ হবে নিয়মিত টহলদারি চালানো এবং কোথাও কোনও গোলমালের আভাস পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া। পাশাপাশি কুইক রেসপন্স টিম কোথায় কত থাকবে, কোন এলাকায় কত পুলিশ মোতায়েন করা হয়েছে, সেই সমস্ত খুঁটিনাটি বিষয়ও স্পষ্ট করে দেওয়া হয়েছে। বৈঠক থেকে বুথ সংলগ্ন এলাকা থেকে শুরু করে ভোটারদের যাতায়াতের পথেও প্রয়োজনে সিসি ক্যামেরা বসানোর কথা জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার, বিভিন্ন জেলার রিটার্নিং অফিসার, উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী আধিকারিক, সাধারণ ও পুলিশ অবজার্ভাররাও। ছিলেন কমিশনের স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত এবং স্পেশাল পুলিশ অবজার্ভার এন কে মিশ্র।

Be the first to comment