রোজদিন ডেস্ক :
দীর্ঘ চব্বিশ দিন পর খোঁজ মিললো বিশিষ্ট পরিচালক উৎসব মুখার্জির। গত ২ এপ্রিল তিনি নিমতার ব্যাঙ্কে যাবেন বলে বেরোনোর পর আর বাড়ি ফেরেন নি। তাঁর সদ্য বিবাহিত স্ত্রী মৌপিয়া আকুল হয়ে সর্বত্র তাঁর খোঁজ করেন, কিন্তু কোন খবর মেলেনি। উদ্বেগ, দুশ্চিন্তায় দিনের পর দিন অপেক্ষায় থেকেছেন। পুলিশও কিছু জানাতে পারেনি।
আজ মৌপিয়া জানান, উৎসবের খোঁজ পাওয়া গেছে। তিনি দিল্লিতে এক বন্ধুর বাড়ি আছেন। আজ আনন্দপুর থানা থেকে তাঁকে ডেকে পাঠানো হয়, পথেই ফোন পান উৎসবের বন্ধুর। থানায় গিয়ে মৌপিয়া বুঝতে পারেন, পুলিশ আগেই ওঁর খোঁজ পেয়েছিল। কিন্তু এতদিন উৎসব কোথায় ছিলেন, কেমন ছিলেন, কিছুই তিনি বলতে চাননি। শুধু জানান, তিনি দিল্লি যাচ্ছেন। তাঁর সঙ্গে উৎসবের অল্প একটু সময় কথা হয়েছে,, তাঁকে ক্লান্ত মনে হয়েছে, ঘুমোচ্ছিলেন। এর বেশি আর কিছু বলতে চাননি মৌপিয়া।
গত ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে তাঁদের, তেমন কোন স্বজনও নেই, তাই এত দিন কার্যত একাই চরম উদ্বেগ, দুশ্চিন্তায় দিন কেটেছে মৌপিয়ার, স্বামীকে খুঁজতে একাই লড়াই করেছেন। আপাতত খোঁজ মিললেও চিন্তা পুরো যায়নি। উৎসবকে নিরাপদে ঘরে ফেরানোই এখন তাঁর একমাত্র কাজ।
জনপ্রিয় অভিনেতা লেখক রাহুল অরুণোদয় ব্যানার্জির সমুদ্রে ডুবে মর্মান্তিক মৃত্যুর তিনদিন পরেই নিখোঁজ হয়েছিলেন পরিচালক উৎসব মুখার্জি। যা নিয়ে টলিপাড়ায় উদ্বেগ ছড়িয়ে ছিল। আপাতত তাঁর খোঁজ মেলায় সেখানে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

Be the first to comment