রোজদিন ডেস্ক : আগামীকাল ভোটগ্রহণ। তার আগের দিন রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। বিজেপির অভিযোগ মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় সম্পত্তির সঠিক তথ্য দেননি তিনি। এই অভিযোগে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করলেন তরুণজ্যোতি। অভিযোগে তিনি অদিতি মুন্সি ও তার স্বামী দেবরাজ চক্রবর্তীর নাম দিয়েছেন। তরুণজ্যোতির অভিযোগ, অদিতি মুন্সি তাঁর মনোনয়নপত্রে সম্পত্তি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দেননি। অদিতি ও তাঁর স্বামী দেবরাজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রচুর জমি কিনেছিলেন। যা সম্প্রতি বিক্রি করা হয়েছে। সেই জমির বিক্রয়মূল্য উল্লেখ করা হয়নি। তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব পুলিশকে জানানো, সেটাই করেছি। তাঁর আরও দাবি, দেবরাজ এবং অদিতি যৌথভাবে বিপুল সম্পত্তি করেছেন, তা মনোনয়নপত্রে উল্লেখই করা হয়নি।

Be the first to comment