রোজদিন ডেস্ক :
রাজ্যের নির্বাচনপর্ব চলাকালীন এখানে ছিলেন তিনি। রাজ্যের কংগ্রেস নেতা, কর্মীদের সব রকমভাবে উৎসাহিতও করেছেন। দলের সেই জাতীয় পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর দিল্লি গিয়ে মন্তব্য করেন, রাজ্যে টিএমসি-ই ফের ক্ষমতায় আসছে। তাঁর এই মন্তব্যে দলের অন্দরে তীব্র ক্ষোভ ও অস্বস্তি দেখা দিয়েছে। দীর্ঘদিন পর রাজ্যে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে যতটাই উৎসাহিত, উদ্দীপিত হয়েছিলেন তাঁরা, মীরের এই মন্তব্যে তা চুপসে গেছে।
রাজ্যে নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়ে দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী বলেছিলেন, উনিই রাজ্যে বিজেপিকে এনেছেন। একের পর এক দুর্নীতি, স্বজনপোষণ, তোষণ ইত্যাদির অভিযোগের তির ছুঁড়েছিলেন মুখ্যমন্ত্রী ও তাঁর দলের বিরুদ্ধে।
এই প্রেক্ষিতে মীরের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। গোলাম আহমেদ মীরের নাম না করে ক্ষুব্ধ অধীর চৌধুরী বলেন, কিছু নেতা (পড়ুন মীর) এমন মনোভাব দেখাচ্ছেন যেন তৃণমূলের সঙ্গে সমঝোতা করলে ভাল হোত। যেখানে বিভিন্ন জেলায় কংগ্রেস কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন, তা উপেক্ষা করে এই ধরনের মন্তব্য করা হচ্ছে! এর ফলে সমর্থক, কর্মীরা বিভ্রান্ত, হতাশ হচ্ছেন বলে তিনি মনে করেন।
মীরের এই মন্তব্যে দলের অন্দরেও সমালোচনার ঝড় উঠেছে বলে সূত্রের খবর। নির্বাচনের ফল প্রকাশের আগে তাঁর এই মন্তব্য দলীয় শৃঙ্খলা, অবস্থান নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে বলে জানা যায়।

Be the first to comment