রোজদিন ডেস্ক : কংগ্রেস জাতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে প্রচার মাধ্যমের স্বাধীনতা নিয়ে বিজেপি আরএসএস কে তোপ দাগলেন। প্রচার মাধ্যমের স্বাধীনতা দিবস উপলক্ষে সমাজমাধ্যমে তিনি বলেন বিজেপি-আরএসএসের বার্তা খুব স্পষ্ট। তারা নিরপেক্ষ সাংবাদিকতাকে শাস্তি দেয়। আনুগত্যকে পুরস্কৃত করে। এখন সংবাদমাধ্যমের একাংশ সরকারের সুরে সুর মিলিয়ে কথা বলে। অন্যদিকে যারা সরকারের জনবিরোধী কাজ নিয়ে প্রশ্ন তুলছেন, কোন ও চাপের কাছে নতি স্বীকার করছেন না, তাঁদের অবিরত নিশানা করা হচ্ছে।
২০১৪ সালে বিজেপি কেন্দ্রে আসার পর থেকেই বিশ্বের মুক্ত গণমাধ্যম সূচকে ভারতের স্থান নিম্নগামী বলে উদ্বেগ ব্যক্ত করে মল্লিকার্জুন খড়গে বলেন, আরএসএস সংবাদ মাধ্যমের কন্ঠরোধ করতে আইনি ব্যবস্থা কে অস্ত্রের মত ব্যবহার করছে। মুক্ত গণমাধ্যমের কাজ সরকারের গুণগান করা নয়, পরিস্থিতি বিশ্লেষণ করে সরকারকে প্রশ্নের মুখে ফেলা তাদের কাজ। প্রচার মাধ্যমই ক্ষমতা ও জনতার মধ্যে গণতান্ত্রিক ভারসাম্য বজায় রাখে বলে তিনি মন্তব্য করেন।
দীর্ঘ পোস্টে আরও জানান, ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে ১৩৫ জনের বেশি সাংবাদিককে গ্রেফতার / আটক করা হয়েছে। ২০১৪ থেকে ২০২৩ সালের মধ্যে ৩৬ জন সাংবাদিক কে দীর্ঘদিন কারাবন্দি করে রাখা হয়েছে। এমনকি কয়েকজনের বিরুদ্ধে ইউএপিএ-র মত কঠোর আইনে মামলা দায়ের হয়েছে। নিজেদের কর্তব্য পালন করতে গিয়ে অনেক সাংবাদিক খুন হওয়া নিয়েও মল্লিকার্জুন খড়গে গভীর উদ্বেগ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিশ্বে প্রচার মাধ্যম স্বাধীন তার নিরিখে ভারতের স্থান যথেষ্ট নিম্নগামী। ১৮০টি দেশের মধ্যে ১৫৭। যা দক্ষিণ এশিয়ার অনেক দেশের থেকেই নীচে। ভারতের মত গণতান্ত্রিক দেশের পক্ষে যা উদ্বেগজনক এবং কাম্য নয় বলেই অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment