হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নামছেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক : মাঝে সামান্য বিরতি। বাংলার রাজনীতিতে ফিরছেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া, শিয়ালদহ, সোনারপুর-সহ একাধিক স্টেশন থেকে হকারদের উচ্ছেদের প্রতিবাদে এবার রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। আগামী ২১ মে হাওড়া, শিয়ালদা স্টেশন এবং বালিগঞ্জ স্টেশন চত্বরে এর প্রতিবাদ জানাবেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। মঙ্গলবার বিকেলে কালীঘাটে দলনেত্রীর বাড়িতে বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপির বুলডোজার রাজনীতিকে এই রাজ্যে কোনও ভাবেই বাড়তে দেওয়া যাবে না, বলেন নেত্রী। তিনি বলেন, যে কায়দায় হাজার হাজার হকারকে মুহূর্তে বেকার করে দেওয়া হল, অথৈ জলে ফেলা হল কয়েক লক্ষ পরিবারকে। দিকে দিকে হাহাকার চলছে। এই অবস্থায় হাত গুটিয়ে বসে থাকবে না তৃণমূল। এবার পথে নামার সময় হয়েছে। এদিনের বৈঠকে নেত্রী ফের বলেন, ঘরছাড়াদের ফেরানোর উদ্যোগ নিতে হবে। আইনি সহযোগিতা করতে হবে। বৈঠক-শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক কুণাল ঘোষ জানান, নতুন সরকার ঘরছাড়াদের ঘরে ফেরানোর কথা বলছেন। কিন্তু ঘরে ফেরাতে কী সমস্যা হচ্ছে যে ২০২১-এর পোস্ট পোল ভায়োলেন্স মামলায় তাঁদের জড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে ঘরে ফেরানো মুশকিল হচ্ছে। এর বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেস। এদিন বিধানসভার বিরোধী দলনেতা-সংক্রান্ত যে সমস্যার উদ্ভব হয়েছিল তা সমাধানে রেজোলিউশনে সই করেন বিধায়কেরা। বুধবার বিধানসভায় এটি জমা পড়বে। বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*