বিএলওদের অন্নপূর্ণা যোজনার কাজ করানোর প্রতিবাদ 

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যে নতুন সরকার এবার বিএলওদের অন্নপূর্ণা যোজনার কাজ করানোর নির্দেশ দিয়েছে৷ এর তীব্র প্রতিবাদ করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষা সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা এই নির্দেশের তীব্র প্রতিবাদ করে মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন। তিনি জানান, অন্নপূর্ণা (ভান্ডার) যোজনার সঙ্গে নির্বাচনের কোন যোগ নেই। এটি আর্থিক প্রকল্প। গত ছয় মাস ধরে শিক্ষক শিক্ষিকারা বিএলও-র কাজ করেছেন৷ এসআইআরের কঠিন কাজ সম্পাদন করতে গিয়ে বেশির ভাগ বিদ্যালয়ে পঠনপাঠন চূড়ান্ত ব্যাহত হয়েছে৷ এর ফলে ক্ষতি গ্রস্ত হয়েছে সাধারণ, বিশেষত নিম্নবিত্ত পরিবারের পড়ুয়ারা। মূলত তারাই সরকারি, সরকার পোষিত বিদ্যালয়ে পড়ে। নতুন সরকার এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কাজও বিএলওদের দিয়ে করালে বিদ্যালয়গুলির পড়াশোনার হাল কি হবে সহজেই অনুমেয়।

এই ছাড়া অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কাজ করতে গিয়ে কোন কারণে উপভোক্তা বঞ্চিত হলে তার ক্ষোভের আঁচ পড়বে বিএলওদের ওপরই৷ আনন্দ হান্ডা অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহারের জন্য দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সরকার এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে। এতে পূর্বতন সরকারের আমলে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার এর উপভোক্তারাই থাকবেন। যদিও নতুন প্রকল্প চালুর আগে সরকার এই বিষয়ে কাজগুলিও বিএলওদের করার নির্দেশ জারি করেছে৷ এতে ক্ষুব্ধ বিভিন্ন শিক্ষক সংগঠন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*