রোজদিন ডেস্ক : শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, সব শুন্য পদে নিয়োগ-সহ বিভিন্ন দাবিতে আগামীকাল ২৯ মে সমাবেশের ডাক দিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য তাঁরা দাবি জানাচ্ছেন। বলেন, নতুন সরকারের রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। তবে শিক্ষকদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনার জন্য তাঁরা দীর্ঘদিন যে দাবি জানাচ্ছেন, নতুন সরকার তা গ্রহণ করবেন বলে আশা।
নন টেট শিক্ষকদের টেট দেওয়া নিয়ে সমস্যার সমাধানে সরকারকে পদক্ষেপ গ্রহণের আর্জি জানান তিনি। এই ছাড়া সব শুন্যপদ পূরণ, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান ইত্যাদি দাবি নিয়ে সমাবেশ হবে। এই সব দাবি নিয়ে ২৯ মে নবান্নে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি আছে তাঁদের।
কিংকর অধিকারী জানান, মেডিকেল ভাতার বদলে সরকারের স্বাস্থ্য প্রকল্পে শিক্ষকদের যুক্ত করলে কোন আর্থিক ক্ষতি তো হবেই না, বরং সরকারের গরিমা বাড়বে।
গতকালই মুখ্যমন্ত্রী রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে বলে ঘোষণা করেছেন। এই কাজও বিএলও-রা করবেন বলে শোনা যাচ্ছে। কিংকর অধিকারী উদ্বিগ্ন ভাবে বলেন, এসআইআর পর্বে বিএলও-রা দীর্ঘদিন ধরে কাজ করেছেন। যাঁদের সিংহ ভাগই শিক্ষক শিক্ষিকা। তাঁরা যে শিক্ষাদানের কাজের জন্য নিয়োজিত, দিনের পর দিন শিক্ষা বহির্ভূত কাজে তাঁদের ব্যবহার করা হচ্ছে। এটা অন্যায়, অনুচিত। তাঁরা রাজ্য সরকারের কাছে শিক্ষার সার্বিক মানোন্নয়নের আবেদন জানান।

Be the first to comment