রোজদিন ডেস্ক :
তাঁরা অভিষেক ব্যানার্জির বিরোধী। কিন্তু দলনেত্রী মমতা ব্যানার্জিকে প্রধান পরামর্শদাতা চান বিধানসভার বিরোধী নেতা ঋতব্রত ব্যানার্জি। আজই অধ্যক্ষ রথীন্দ্র বসু তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের প্রধান মুখ ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী নেতার স্বীকৃতি দিয়েছেন। গত কয়েকদিনের টানা পোড়েনের পর খুলে দেওয়া হয়েছে বিরোধী নেতার জন্য নির্দিষ্ট ঘরও। দলের মধ্যেই দল নেত্রী, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে লড়ে কার্যত বিরোধী নেতার মসনদ ছিনিয়ে নিয়েছেন এবারের প্রথম বিধায়ক হওয়া ঋতব্রত ব্যানার্জি। সন্ধ্যায় ভিড়ে ঠাসা সাংবাদিক বৈঠকে দৃপ্ত মুখে তিনি জানিয়ে দেন, তৃণমূলের জয়ী দুই তৃতীয়াংশই ঐক্যবদ্ধ হয়েছেন।তাঁরাই সংখ্যাগরিষ্ঠ। বিধানসভায় শাসক বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে তাঁরা লড়াই করবেন বলে ঘোষণা করেন তিনি।
সূত্রের খবর, তৃণমূলের জয়ী ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনই ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী নেতা করার প্রস্তাবে সহমত হয়েছেন। ঋতব্রত ব্যানার্জি বলেন, আপাতত ৫৮ জন বিধায়ক তাঁদের সঙ্গে আছেন। রাজ্যের বাইরে আছেন দুই বিধায়ক। তাঁদের সম্মতিও মিলেছে। সব মিলিয়ে ৬০ জন বিধায়কই তাঁদের পক্ষে আছেন বলে তাঁর দাবি। দলের নেত্রী মমতা ব্যানার্জিকে তাঁরা প্রধান পরামর্শদাতা হিসাবে চান। তবে অভিষেক ব্যানার্জির সঙ্গে তাঁদের দূর দূরান্তের সম্পর্ক নেই বলে তিনি জানিয়ে দেন।
আজ পরিষদীয় দলে কে কোন পদ পেলেন তাও জানান বিরোধী নেতা। বলেন, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা ও সন্দীপন সাহা ডেপুটি নেতা হয়েছেন। মুখ্য সচেতক হলেন আখরুজ্জামান কে।

আজ ঋতব্রত ব্যানার্জি সহ তৃণমূলের একাধিক বিধায়ক নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকেও উপস্থিত ছিলেন।
বিধানসভা ভবনে ঋতব্রত ব্যানার্জি বিরোধীদের বৈঠকে আমন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। বলেন, তাঁরা সদর্থক, দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করবেন। রাজ্যের মানুষ তাঁদের বিরোধী আসনে বসার যে রায় দিয়েছেন, তাঁরা তা মাথা পেতে মেনে নিচ্ছেন। তাঁদের পরিষদীয় দল কারও একার কথায় চলবে না। তাঁরা “আমি” নয়, “আমরায়” বিশ্বাসী। সব সিদ্ধান্ত সবাই আলোচনা করে নেওয়া হবে।
এক ই কথা বলেছেন সন্দীপন সাহা ও। একদা সিপিএমের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্নেহধন্য রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঋতব্রত ব্যানার্জিকে দল বহিষ্কার করার পর সাদরে দলে নিয়েছিলেন মমতা ব্যানার্জি। ফের তাঁকে রাজ্যসভার সাংসদ, দলের ট্রেড ইউনিয়নের সভাপতিও করেন তিনিই।
আজ বিধায়ক শিউলি সাহাও বলেন, ঋতব্রতকে দলে নেওয়া-সহ নানা গুরুত্বপূর্ণ পদ মমতা ব্যানার্জিই দিয়েছিলেন।
তাঁরা সবাই ঋতব্রতকেই বিরোধী নেতা হিসাবে আজ মেনে নিয়েছেন। বাকি যে ২০ জন আছেন, তাঁদেরও আসার আহবান জানান তিনি।

Be the first to comment