রোজদিন ডেস্ক : নির্বাচনে ভরাডুবির পর তাকে প্রকাশ্যে আর খুব একটা দেখা যায়নি। নিজের পছন্দের জায়গা সোশ্যাল মিডিয়াতেও গত একমাস চুপচাপই ছিলেন তিনি। এরমধ্যে শনিবার রাতে ফেসবুকে এক বিস্ফোরক পোস্ট করলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। এলাকায় এলাকায় তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের গ্রেফতারি নিয়ে এক পোস্টে তিনি লিখলেন, “খুব আনন্দ পাচ্ছি।” চোর৷ ডাকাত, তোলাবাজদের গ্রেফতারিতে আনন্দ পাচ্ছি। এই সব নেতাদের তীব্র আক্রমণ করে তিনি লেখেন, “মানুষের বুকের ওপর পা সাম্রাজ্য তৈরি করেছিল এরা, এরা নিজেদের এক এক জায়গার মুখ্যমন্ত্রী ভেবে ফেলেছিল।” শেষে এই সব লোভী ও বদমায়েশদের চিহ্নিত করে দল থেকে গলাধাক্কা দেওয়ারও দাবি জানান দেবাংশু। ওই পোস্টে তিনি লেখেন —
“কিছু চোর, ডাকাত, তোলাবাজের গ্রেফতার দেখে যে কী আনন্দ পাচ্ছি, বলে বোঝানোর নয়! একেকটা জেলাকে বাপের সম্পত্তি ভেবে বসেছিল, আঙুলের ডগায় পুলিশকে নাচাতো! মানুষের বুকের উপর পা দিয়ে সাম্রাজ্য গঠন করেছিল। ছোট ছোট মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছিল নিজেদের… জেলায় জেলায় দলের ভরাডুবির হোতা ও হেতু এঁরাই!
রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে কিছু কিছু গ্রেফতারি হলেও ফাঁকতালে কয়েকটা প্রকৃত চোর, ছ্যাচোর, হুমকিবাজ ডাকাতও ধরা পড়ছে। যেটা খুবই ভালো লক্ষণ। ব্লেসিং ইন ডিসগাইজ! সৎ ভাবে যারা রাজনীতি করেছে, গায়ে কালির দাগ লাগতে দেয়নি, তারা এসব কিছু বদমাইশের দায়-দায়িত্ব আজ পরাজয়ের পরেও কাঁধে নিতে যাবে কেন? দল ক্ষমতায় থাকলে লোভী, বদমাইশদের ভিড় বাড়ে, তারা চিহ্নিত হোক; অভ্যন্তরীণ তদন্ত করে দলও পার্মানেন্টলি ঝেড়ে ফেলুক এদের।

Be the first to comment