রোজদিন ডেস্ক : ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিল। কিন্তু এই রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার পুরোপুরি রাজনৈতিক কারণে কেন্দ্রের এই স্বাস্থ্যবিমা প্রকল্প কার্যকর করতে দেয়নি। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার ঘোষণা করে পশ্চিমবঙ্গেও আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। এই ঘোষণা হয়ে গিয়েছিল মন্ত্রিসভার প্রথম বৈঠকেই। এ বার আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় সরকারের অধীন ন্যাশনাল হেল্থ অথরিটি বা এনএইচএ-র সঙ্গে মউ স্বাক্ষর করবে পশ্চিমবঙ্গ সরকার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা। আয়ুষ্মান ভারত চালু না করে পূর্বতন রাজ্য সরকার রাজ্যবাসীর জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিল। কিন্তু এই প্রকল্প নিয়ে অজস্র অভিযোগ রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, রাজ্যের যে ৬ কোটি মানুষ পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন, তাঁদের সবাইকে আয়ুষ্মান ভরত-এর আওতায় আনা হচ্ছে। এ ছাড়া নতুন করেও আবেদন করা যাবে এই স্বাস্থ্যবিমার জন্য। এই প্রকল্পে একটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা মূল্যের চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পাবেন।

Be the first to comment