প্রতিবেদন: সোমবার দুপুরে বিধানসভায় দাঁড়িয়ে নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর ২৪ ঘণ্টাও কাটল না। গ্রেফতার করা হল হুমায়ুন কবীরের সেই সভার তিন মূল উদ্যোক্তাকে। সোমবার বিধায়ককে কড়া বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, এটাই ওর শেষ বক্তব্য। এরপর হুমায়ুন নানাভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। সোমবার রাতে অভিযান চালিয়েই হুমায়ুনের সভার তিন আয়োজককে গ্রেফতার করল পুলিশ। রাতে রেজিনগর থানার লোকনাথপুর গ্রামের বাসিন্দা আমিনুল শেখ ও কাশিপুর এলাকার বাসিন্দা গোলাম মোস্তাফাকে গ্রেফতার করা হয়েছে। পরে শক্তিপুর এলাকা থেকে আনিসুর রহমান নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত ২৬ জুন রেজিনগরের সভা থেকে রীতিমতো সুর চড়িয়ে হুমায়ুন কবীর বিজেপির উদ্দেশে বলেছিলেন, আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব সেদিন এমন স্যাটাভাঙা মার শুরু করবো যে আপনাদের পতাকা বইবার লোক থাকবে না। সেই বক্তব্যের পরই দায়ের হয় এফআইআর।

Be the first to comment