প্রতিবেদন: ফ্রিজ হওয়া দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে মামলায় মঙ্গলবার কালীঘাট তৃণমূলের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়ে দিল, বিচারাধীন মামলার তালিকা অনুযায়ী শুনানি চলবে। মামলা এগিয়ে এনে শুনানি সম্ভব নয়, জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। নির্বাচনের পর তৃণমূলে ভাঙন ধরেছে। একাধিক টুকরো হয়েছে দল। এই বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী বিধায়করা নিজেদের আসল তৃণমূল বলেই দাবি করেছে। তারা দলীয় তহবিলেরও দাবিদার। এই পরিস্থিতিতে দলের তহবিল কোন পক্ষের হাতে থাকবে, তা নিয়ে জোড়াফুলের দুই শিবিরের মধ্যে সংঘাত চলছে। বিদ্রোহীরা অ্যাকাউন্ট নিয়ে পুলিশে অভিযোগ জানায়। এরপরই পুলিশ বেসরকারি। ব্যাঙ্কে থাকা তৃণমূলের চারটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। সেই মামলায় ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে দ্রুত শুনানির আর্জি জানান কালীঘাট তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। জরুরি ভিত্তিতে মামলাটি শোনার জন্য হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তবে সেই আর্জি ফিরিয়ে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই মামলায় রাজ্য সরকারের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, সোমবার মামলার নথি হাতে পেয়েছেন। এ অবস্থায় বৃহস্পতিবার মামলার শুনানি শুরু করা হোক।

Be the first to comment