বারুইপুরে কড়া ব্যবস্থার বার্তা, হবে পুলিশ আউটপোস্ট, এক সপ্তাহ পরে আবার আসবেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
বারুইপুরে বালিকার নৃশংস ধর্ষণ, হত্যাকান্ডে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আজ বারুইপুরে এসপি কার্যালয়ে তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। বালিকার মা, বাবা, পরিজনরা সেখানে এসেছিলেন। এই ছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও তিনি কথা বলেন।

https://youtu.be/O4fbdnVW3eM
পরে মুখ্যমন্ত্রী জানান, বালিকার পরিবার তাঁর সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছেন বলে মনে হয়েছে। এই ঘটনায় যদি পুলিশেরও এতটুকু গাফিলতি থাকে, সেখানেও ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় আউটপোস্ট বসানোর দাবি ও তাঁরা মেনে নিয়েছেন। এক সপ্তাহ পর তিনি আবার এখানে আসবেন, আউটপোস্ট উদ্বোধন হবে। আর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সবাই তা দেখতে পাবেন বলে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।
রবিবার নির্যাতিতার দেহ উদ্ধার হওয়ার পর প্রবল জনরোষে গণপিটুনিতে এক নিরীহ যুবক প্রাণ হারিয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানান। আজ তাঁর পরিবারের সঙ্গেও কথা বলেছেন তিনি। এক সপ্তাহ পর তিনি দুই ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি যাবেন। ক্ষতিপূরণের বিষয়েও ব্যবস্থা নেবেন।
বালিকার দেহ উদ্ধারের পর রবিবার যেসব তুমুল বিক্ষোভ, জনরোষের ঘটনা হয়, তা নিয়েও কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

পরিস্কার জানিয়ে দেন,রবিবার দিনভর যে গুন্ডামি চলেছে, কাউকে ছাড়া হবে না। ট্রেন লাইন উপড়ানো, পুলিশকে আক্রমণ ইত্যাদি ঘটনায় দুশো জন কে চিহ্নিত করা হয়েছে। নাম না করে তৃণমূল, সিপি এম কে দূষে মুখ্যমন্ত্রী বলেন, যারা হেরে গিয়ে ঢুকে গেছে, যারা শুন্য থেকে এক হয়েছে তারাই এই সব করেছে বলে তোপ দাগেন। রাজনৈতিক ভাবে যারা উস্কানি দিয়েছেন, সমাজ মাধ্যমে ভূয়ো পোস্ট দিয়েছেন কাউকে ছাড়া হবে না।
বালিকাকে ধর্ষণ, খুনের ঘটনায় তিনজন ধরা পড়েছে, একজন পলাতক বলে জানান। বালিকা নিখোঁজের দিন রাত ১১.৫০ মিনিটে মিসিং ডায়েরি হয়েছিল। এরপর পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা নিয়ে ও এস ডি পি ও সহ পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে।
রাজ্য পুলিশের ডিজি-কে তিন দিন সময় দেওয়া হয়েছে। পুলিশের কোন গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
এই ধরনের ঘটনা হলে আগে কোন মুখ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী এসে পীড়িত পরিবারের সঙ্গে দেখা করে, কথা বলেছেন তাঁর জানা নেই। তিনি এসেছেন কারণ এটা তাঁর কর্তব্য, আগে কেউ আসেননি বলে তিনি আসবেন না, এটা মনে করেন না মুখ্যমন্ত্রী।
আজ তিনি প্রাক্তন অধ্যক্ষ বিমান ব্যানার্জি, সায়নী ঘোষ, রূপা গাঙ্গুলি, দেবাশিস ধর প্রমুখের সঙ্গে কথা বলেছেন। ওঁরাও আশ্বস্ত বলে তিনি মনে করেন।
আজ এসপি কার্যালয় থেকে রাজ্যের সব থানার সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন মুখ্যমন্ত্রী। জানান, তিনি, ডিজি, মন্ত্রীরা যা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষায় যা ব্যবস্থা নেওয়া হচ্ছে ও হবে তা সবাইকে মানতে বলা হয়েছে।
তাঁদের সরকার কোন রকম গাফিলতি বরদাস্ত করবে না বলে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*