প্রথম দল হিসেবে চলতি বিশ্বকাপের শেষ চারে ফ্রান্স, ০-২ গোলে হেরে বিদায় “আফ্রিকান জায়েন্ট” মরক্কোর

Spread the love

প্রতিবেদন: শোনা যাচ্ছে, এই বিশ্বকাপের শেষেই নাকি ফ্রান্সের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন কিংবদন্তি কোচ দিদিয়ের দেশঁ। তাঁর জায়গায় আসছেন আর এক কিংবদন্তি জিনেদিন জিদান। এখনও পর্যন্ত যে ফুটবল খেলছে দেশেঁর ছেলেরা তাতে বিশ্বকাপ জিতেই হয়তো দায়িত্ব ছাড়বেন দেশঁ। প্রত্যাশা মতোই প্রথম কোয়ার্টার ফাইনালে “আফ্রিকান জায়েন্ট”-দের উড়িয়ে প্রথম দল হিসেবে চলতি বিশ্বকাপের শেষ চারে গেলেন এমবাপেরা। খুঁজেই পাওয়া গেল না মরক্কোকে। ২০২২-এর মতো এবারেও চমক দেখিয়েছিল মরক্কো। টানা দু’বার অঘটন ঘটিয়ে উঠেছিল বিশ্বকাপের শেষ আটে। কিন্তু এবারও তাদের সামনে পড়ল ফ্রান্স। সেই ফ্রান্স, যারা গত বিশ্বকাপে ছিটকে দিয়েছিল তাদের। এবারেও ২০২২-এর রিপ্লে। এমবাপে, ডেম্বেলেদের দাপটে ছিটকে গেল মরক্কো। ২০২২-এর পর ২০২৬-এও ফ্রান্সের কাছে হেরে বিদায় নিল তারা। গোলশূন্য প্রথমার্ধে পেনাল্টি মিস করে ফ্রান্স। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তারা। একের পর এক আক্রমণ। দিশেহারা মরক্কো। ৬০ মিনিটের মাথায় মরক্কোর ৩ ডিফেন্ডার থাকা সত্ত্বেও বক্সের বাইরে থেকে দুরন্ত সোয়ার্ভিং শটে গোল করলেন এমবাপে। চলতি বিশ্বকাপে ৮ নম্বর ও কেরিয়ারের ২০ নম্বর বিশ্বকাপ গোল। মিনিট পাঁচেকের মধ্যেই ফের গোল। এবার ডেম্বেলে। বক্সের বাইরে থেকেই জোরালো শটে বল জালে জড়িয়ে দেন পিএসজি তারকা। ২-০ এগিয়ে যায় ফ্রান্স। আর ম্যাচে ফেরা হয়নি মরক্কোর। গোটা ম্যাচে হাতেগোনা কয়েকটি আক্রমণ ছাড়া ফ্রান্সের বক্সে ঘেঁষতে পারেনি মরক্কো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*