থামল হালান্ডদের স্বপ্নের দৌড়, বেলিংহ্যামের জোড়া গোলে শেষ চারে ইংল্যান্ড

Spread the love

ইংল্যান্ড: ২ (বেলিংহ্যাম ২)
নরওয়ে: ১ (শেলডেরুপ)

প্রতিবেদন: থামল হালান্ডদের স্বপ্নের দৌড়। বিশ্বকাপে ভাইকিংদের গর্জন থামিয়ে দিয়ে শেষ চারে চলে গেল ইংল্যান্ড। জোড়া গোল করে ম্যাচের নায়ক বেলিংহ্যাম। তবে সহজ হয়নি বৃটিশদের জয়। অতিরিক্ত সময়ে ম্যাচের ফয়সালা হল। ২-১ ব্যবধানে জিতে ফের বিশ্বজয়ের স্বপ্ন দেখছে হ্যারি কেনরা। তবে শুধু একজনের ভরসায় নরওয়ে যে এতদূর আসেনি এদিন ইংরেজদের হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে তারা। প্রথমার্ধের মাঝামাঝি সময় থেকে আচমকা ম্যাচের গতি বাড়িয়ে দেয় নরওয়ে। এই সময় খানিকটা ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। ওই সময়ই ওদেগার্ড-বার্জের মিলিত আক্রমণ থেকে বল পেয়ে বক্সে ঢুকে শেলডেরুপের বাঁদিকের কোন থেকে সোয়ার্ভিং শট বারে লেগে জালে জড়িয়ে যায়। ইংরেজ গোলকিপার জর্ডন পিকফোর্ড মরিয়া চেষ্টা করেও ব্যর্থ হন। চলতি বিশ্বকাপের অন্যতম সেরা গোলে ম্যাচে এগিয়ে যায় নরওয়ে। এই আনন্দ অবশ্য বেশিক্ষণ থাকেনি। হাফ টাইমের ঠিক আগে গোলশোধ করেন জুড বেলিংহ্যাম। বাঁদিক থেকে অ্যান্থনি গর্ডনের বাড়ানো বল ধরে নরওয়ের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে জোরাল নিচু শটে গোল করে যান বেলিংহ্যাম। দ্বিতীয়ার্ধের শুরুতে জোড়া বদল করেন ইংল্যান্ডের কোচ। আসেন স্টিফেন এজে ও বুকায়ো সাকা। তাতে আক্রমণের ঝাঁজ বাড়ে। আরও বেশি বল পান কেন। কিন্তু কাজের কাজ হয়নি। ৫৫ মিনিটে হালান্ডের গেল বাতিল করেন রেফারি। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ ড্র থাকার পর শুরু হয় অতিরিক্ত সময়। ৯৪ মিনিটে মরগান রজার্সের শট ঠিকমতো গ্রিপ করতে পারেননি নরওয়ে গোলকিপার। সেই সুযোগকে কাজে লাগিয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন সেই বেলিংহ্যাম। শেষমেশ মরিয়া আক্রমণেও শিকে ছিড়ল না নরওয়ের। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও নরওয়ের জন্য মনে রাখার মতে একটা বিশ্বকাপ হয়ে রইল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*