কাটমানি সহ অভিযোগ জানানোর হেল্প লাইন চালু হোল রাজ্যে, পুলিশের উন্নয়নে গুরুত্ব মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে পুলিশ বাহিনীর সার্বিক উন্নয়নে বিশেষ ভাবে গুরুত্ব দিচ্ছেন। আজ ভবানী ভবনে এক অনুষ্ঠানে তিনি পুলিশের দক্ষতার প্রশংসা করেন। পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের কত অসুবিধার মধ্যে কাজ করেন তা নিয়ে আক্ষেপ করেন। বলেন,তাঁরা সবে ক্ষমতায় এসেছেন, আস্তে আস্তে সব রকম ব্যবস্থা করবেন। পুর্বতন সরকারের আমলে রাজ্যে পুলিশকে কিভাবে ব্যবহার করে অবনমন করা হয়েছিল, তা নিয়ে ক্ষোভ জানান। পুলিশকে শুধু আইনশৃঙ্খলা নয়, সমাজের কল্যাণের দিকেও লক্ষ্য রাখার কথা বলেন।

থানা গুলির গাড়ি, অস্ত্র, লোকবল ইত্যাদির অভাবের কথা স্বীকার করে মুখ্যমন্ত্রী জানান, এই সব ক্ষেত্রই উন্নত করার তাঁরা ব্যবস্থা নেবেন।
নেওয়া হবে ১ লক্ষ পুলিশ। তাঁরা রাজ্য ও কলকাতা পুলিশের হৃত গরিমা ফেরানোর চেষ্টা করবেন।
বিজেপি শাসিত উত্তর প্রদেশের পুলিশি ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। জানান, ওই রাজ্যে এক লক্ষ জন প্রতি ২০০ জন পুলিশ। এখানেও তাঁরা ওদের অনুসরণ করতে পারেন।

মুখ্যমন্ত্রী আরও জানান,পুলিশের প্রাথমিক সুবিধাগুলির জন্য অর্থ বরাদ্দ হয়েছে। বডি ক্যামেরা, সিসিটিভি সহ নানা ধরনের প্রযুক্তি যাতে পুলিশ পায় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে গাড়িও আনা হচ্ছে।
এনআইএ র ধাঁচে হচ্ছে এসআইএ। পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রর সহায়তা নেওয়া হচ্ছে। পুলিশকে উর্দি খুলিয়ে তাঁরা কখনোই মিছিল, সমাবেশে ব্যবহার করবেন না বলে মুখ্যমন্ত্রী দৃঢভাবে জানান।
আজ চারটি টোল ফ্রি হেল্প লাইন চালু করা হয়। কাটমানি, অবৈধ মদের ঠেক, যে কোন ধরনের দুর্নীতির অভিযোগ এই সব নম্বরে জানানো যাবে। সকাল ৮ টা থেকে রাত ১০ টা অবধি তা খোলা থাকবে। তবে এই সুযোগের অপব্যবহার যাতে কেউ না করেন, সেই বিষয়ে সতর্ক করেন। মিথ্যা অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*