কলকাতায় ফেরার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ তসলিমা নাসরিনের

Spread the love

রোজদিন ডেস্ক :

কলকাতায় তাঁকে ফেরানোর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন প্রখ্যাত লেখক তসলিমা নাসরিন।। দীর্ঘ প্রায় দু দশক পর তাঁর প্রিয় শহর কলকাতায় ফিরে তিনি খুব ই খুশি। এখানে থাকবেন কিনা এখন ও কিছু ঠিক করেননি, তবে আবার যাতে আসতে পারেন, এই দরজা যেন খোলা থাকে তিনি চান। এক বেসরকারি বাংলা চ্যানেলে দৃশ্যত খুশি তসলিমা নাসরিন ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে।

বাম আমলে এক রাতে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি, পরে তৃণমূল আমলেও আসার সুযোগ পাননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাক স্বাধীনতায় বিশ্বাসী বলে মনে করেন তিনি। উনি যদি তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেন আবারও আসবেন।

২০০৭ সালে মৌলবাদীদের রক্তচক্ষুর কাছে নত হয়ে বাম সরকার যেভাবে তাঁকে চলে যেতে বাধ্য করেছিল, তিনি ভাবতেও পারেন নি। বলেন, এখানে বাক স্বাধীনতা, নারী স্বাধীনতা, মুক্ত চিন্তা আছে ভেবেছিলেন। এখানে থেকে আপন করে নিয়েছিলেন এই শহরকে। বেদনাহত চিত্তে চলে যেতে হয়েছিল । ২০০৭ সালের ২১ নভেম্বর যেতে বাধ্য হলেও ২০০৫ সাল থেকেই তৎকালীন সরকার তাঁকে চলে যেতে বলেছিল বলে আজ জানান তিনি। ২০০৬ সালেও এক ই কথা বলা হয়। ২০০৭ এ বাধ্য করা হয় যেতে।

তাঁর এই আগমন কে স্বাগত জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য গর্বের সঙ্গে বলেন, বাম, কংগ্রেস, তৃণমূল তাঁকে আসতে দেয়নি, তাঁরা দিলেন। এখানে সবাই নিজের চিন্তা নিয়ে বাধামুক্ত ভাবে থাকতে পারেন।

তাঁর এই কলকাতা ফেরার জন্য তসলিমা নাসরিন বিশেষভাবে ধন্যবাদ জানান ওসমান মল্লিককে, যিনি বহুদিন ধরেই তাঁকে এখানে আসতে বলছেন। তিনি এখানে ফিরতে পারবেন তা ভাবেন নি বলে জানান তিনি, মুখ্যমন্ত্রীর এই উদারতার জন্য তিনি কৃতজ্ঞ বলে জানান। প্রিয় কলকাতায় তাঁর অনেক স্মৃতি জড়িয়ে আছে। আবারও যেতে চান বইমেলায়, নিজের মত করে ঘুরতে চান কলেজ স্ট্রীটের বই পাড়ায়। তাঁর তৎকালীন শুভানুধ্যায়ীদের অনেকেই এখন নেই, সুনীল গাঙ্গুলি, শক্তি চ্যাটার্জি, শ্রীপান্থ প্রমুখ বিশিষ্ট লেখক, কবিহীন শহরে এসে মন খারাপ লাগলেও তিনি যে আবার আসতে পেরেছেন এতে খুবই খুশি তিনি।

আগামীকালের সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীও যেতে পারেন বলে শুনেছেন।

নিজের জন্মভূমি বাংলাদেশে আর কোনদিন যেতে পারবেন বলে মনে করেন না, তবু এই প্রাণের শহর, প্রিয় শহর,ভালবাসার শহর কলকাতার দরজা যেন তাঁর জন্য খোলা থাকে, মনে প্রাণে তাই চান।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*