প্রতিবেদন: শুরু হবে জোকা থেকে বিবাদী বাগ মেট্রো রুটের ধর্মতলা স্টেশনের কাজ। এর জন্য আগেই ময়দান মার্কেট এলাকা সাময়িক ভাবে ফাঁকা করার নির্দেশ দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। পূর্ত দফতরকে তা জানানোও হয়েছিল। এবার ওই মার্কেটের ৫২৮ জন দোকানদারকে সাময়িক ভাবে দোকান সরিয়ে ফেলার নোটিস দিল রাজ্যের পূর্ত দফতর। তবে এটি কোনও স্থায়ী উচ্ছেদের নোটিস নয়। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন সম্প্রসারণের জন্য সাময়িক ভাবে দোকানগুলি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। পূর্ত দফতরের তরফে জারি করা নোটিসে বলা হয়েছে, আগামী ২৬ অগাস্টের মধ্যে ময়দান মার্কেট খালি করে দিতে হবে। তারপরই শুরু হবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন সম্প্রসারণের কাজ। জোকা থেকে বিবাদী বাগ মেট্রো করিডরের গুরুত্বপূর্ণ স্টেশন হল এই এসপ্ল্যানেড। পরিকল্পনা অনুযায়ী,এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটি তৈরি হবে ময়দান মার্কেটের তলায়। এই প্রকল্পের স্বার্থেই মার্কেটের মোট ৫২৮ জন ব্যবসায়ীকে নোটিস দেওয়া হয়েছে। প্রকল্প শেষ হয়ে গেলে তারা নিজেদের জায়গায় ফেরানো হবে, এমনই জানিয়েছে পূর্ত দফতর। প্রশাসনিক সূত্রে খবর, ওই দোকানদারদের অস্থায়ী ভাবে ময়দানে কলকাতা মাউন্টেড পুলিশের মাঠে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ শীঘ্রই শুরু হবে।

Be the first to comment