রোজদিন ডেস্ক: স্বাস্থ্য ভবনের অনুমতি ছাড়াই ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ। এমনই অভিযোগ উঠেছে একটি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে। এই অভিযোগের জেরে কড়া পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। রক্ত বিক্রি নিয়ে জারি হল নয়া নির্দেশিকা। সেখানে জানানো হয়েছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে না জানিয়ে রক্ত বা প্লাজমা ভিন রাজ্যে পাঠানো বা বিক্রি করা যাবে না। স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষকর্তা জানিয়েছেন, একসঙ্গে বহু ইউনিট রক্ত পাঠাতে হলে অন্তত সাতদিন আগে সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্ককে স্বাস্থ্য দপ্তরের অনুমতি নিতে হবে। কোন গ্রুপের রক্ত, কোথায় পাঠানো হচ্ছে, কে পাঠাচ্ছে-সহ সমস্ত তথ্য স্বাস্থ্য দপ্তরকে জানাতে হবে। এদিকে, স্বাস্থ্য ভবনকে না জানিয়ে রক্ত বিক্রির অভিযোগ সামনে আসতেই ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের ১১টি ব্লাড ব্যাঙ্কের ওপর রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। তবে কেউ সরাসরি ওই ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দিতে চাইলে তা গ্রহণ করা যাবে।

Be the first to comment