রোজদিন ডেস্ক :
চোখের চিকিৎসার জন্য সাংসদ অভিষেক ব্যানার্জিকে বিদেশ যাত্রায় এখনই ছাড়পত্র দিল না উচ্চ আদালত। আজ ফের এই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন, আগে ওঁকে এস এস কে এম হাসপাতালে গিয়ে চোখের পরীক্ষা করিয়ে বিশেষজ্ঞর মত নিতে হবে। আগামীকাল দুপুরে ওই হাসপাতালে চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করে তাঁর চোখ পরীক্ষার কথা জানান তিনি। সেই মেডিকেল বোর্ড শুক্রবার আদালতে রিপোর্ট দেবে।
উল্লেখ্য, চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আর্জি কলকাতা উচ্চ আদালত খারিজ করার পর শীর্ষ আদালতে গেছিলেন তিনি।
শীর্ষ আদালত তা ফের কলকাতা উচ্চ আদালতে পাঠিয়ে দেয়। আজ এই মামলা উঠলে বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর আগের অবস্থান থেকে সরেননি। কলকাতার অন্যতম সেরা সরকারি হাসপাতাল এস এস কে এমে চোখ দেখিয়ে তাঁদের বিশেষজ্ঞদের মতামত নেওয়ার পরামর্শ দিয়েছেন।
অভিষেক ব্যানার্জির আইনজীবীরা তা মানতে নারাজ। তাঁদের বক্তব্য, ওঁর আগে থেকেই আমেরিকার হাসপাতালে চিকিৎসা চলছে। সেখানেই তাঁকে দেখাতে যাওয়ার অনুমতি দিতে হবে।
রাজ্যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। তাঁর বিদেশ যাত্রায় আপত্তি আছে রাজ্যেরও। রাজ্য সরকারের আইনজীবী তা আদালতে তুলে ধরেন। বলেন, এই পরিস্থিতিতে তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিলে তদন্তে সমস্যা হবে। উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারপতি রায় দিয়েছিলেন, আগে উনি এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত নিন। বিদেশে চিকিৎসা করানো ছাড়া উপায় নেই বলে তাঁরা যদি মতামত দেন, তবে আদালত তা গুরুত্ব দিয়ে দেখবে।
অভিষেক ব্যানার্জি অবশ্য বিচারপতির সেই পরামর্শ মানেননি। শীর্ষ আদালতের দ্বারস্থ হন।
এবার তাঁর সামনে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে যাওয়ার একমাত্র সুযোগ আছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
বিদেশ যাত্রা নিয়ে তিনি নিজের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে পারেন বলে সূত্রের খবর।

Be the first to comment