KOLKATA BOOK FAIR: বইমেলায় স্টল বন্টন নিয়ে গিল্ডের বিরুদ্ধে মামলা খারিজ

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতা আন্তর্জাতিক বইমেলা আয়োজনের ক্ষেত্রে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড কোনও জন-দায়িত্ব বা পাবলিক ডিউটি পালন করে না। তাই মেলায় স্টল দিতে অস্বীকার করার সিদ্ধান্তের বিরুদ্ধে গিল্ডের ওপর দায় চাপিয়ে সংবিধানের ২২৬ ধারায় কোনও রিট আবেদন করা যায় না। মেলায় স্টল বন্টন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মামলায় শুক্রবার এই রায় দিল কলকাতা হাইকোর্ট।

আদালতের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি সন্দীপ কুমার দে-র ডিভিশন বেঞ্চ মানবাধিকার সংগঠন এপিডিআর এবং অন্য এক আবেদনকারীর দায়ের করা পিটিশনটি খারিজ করে দিয়েছে। এর আগে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চও এই রিট আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে খারিজ করেছিল। সিঙ্গল বেঞ্চের সেই রায়কেই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। মানবাধিকার সংগঠন এপিডিআর এবং অন্য এক আবেদনকারী কলকাতা আন্তর্জাতিক বইমেলায় স্টল পাওয়ার জন্য আবেদন করেন। কিন্তু মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড তাদের স্টল দিতে অস্বীকার করে। গিল্ডের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবং নিজেদের অধিকার দাবি করে আবেদনকারীরা কলকাতা হাইকোর্টে সংবিধানের ২২৬ নম্বর অনুচ্ছেদের অধীনে একটি রিট মামলা দায়ের করেন। আইন অনুযায়ী সংবিধানের ২২৬ ধারা অনুযায়ী কোনও রাষ্ট্রীয় সংস্থা, সরকারি কর্তৃপক্ষ বা জন-পরিষেবা ও জন-দায়িত্বের সঙ্গে যুক্ত কোনও সংস্থার বিরুদ্ধেই কেবল রিট পিটিশন দাখিল করা যায়। শুনানি শেষে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, বইমেলা আয়োজন করার বিষয়টি গিল্ডের একটি স্বশাসিত বা বেসরকারি অধিকারের মধ্যে পড়ে। মেলা প্রাঙ্গণে কাকে স্টল দেওয়া হবে, কাকে দেওয়া হবে না, সেটি সম্পূর্ণ সংস্থার অভ্যন্তরীণ সিদ্ধান্ত। এর সঙ্গে বৃহত্তর কোনও সরকারি নীতি বা বাধ্যতামূলক জন-দায়িত্বের সম্পর্ক নেই। যেহেতু গিল্ড কোনও সরকারি বা সাংবিধানিক সংস্থা নয় এবং এটি কোনও রাষ্ট্রীয় বা প্রশাসনিক দায়িত্ব পালন করে না, তাই এদের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা দায়ের করা আইনত গ্রহণযোগ্য নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*