প্রতিবেদন: রাজ্যের পর্যটন মানচিত্রের অন্যতম সেরা ঠিকানা দিঘাকে কেন্দ্র করে জোয়ার আসছে পর্যটন শিল্পে। ঢেলে সাজানো হবে রাজ্যের উপকূলবর্তী এলাকা। চলবে উন্নয়ন যজ্ঞ। সোমবার ওল্ড দিঘা ব্যবসায়ী সমিতির পুজোমণ্ডপের মঞ্চ থেকে দিঘা থেকে শুরু করে গোটা উপকূলবর্তী অঞ্চলকে ঢেলে সাজানো, শিল্পায়ন এবং তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিঘার পরিকাঠামো উন্নয়ন ও পর্যটন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দিঘা-শঙ্করপুর ডেভলপমেন্ট অথরিটি-র পরিধি বাড়িয়ে একেবারে উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত করা হয়েছে। এর সুফল শীঘ্রই মিলবে। তাজপুর বন্দর প্রসঙ্গে বলেন, তাজপুর বন্দরের নামে অতীতে শুধু মিথ্যে কথা বলা হয়েছিল, সরকারের হাতে কোনও জমিই ছিল না। কিন্তু তার সরকার তাজপুর বন্দর করছে। উদয়পুর এলাকার মোট ২৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতকে সাজিয়ে তোলা হবে। এর জন্য ট্যুরিজম, ফরেস্ট, ইরিগেশন, পিডব্লিউডি, পরিবহন ও পরিবেশ দফতরকে নিয়ে একটি রোডম্যাপ তৈরি করা হচ্ছে। গোপালপুর, মাঝিলাপুরের হরিপুর, বগুরান জলপাই, পেটুয়া, এই সমস্ত এলাকাকে জুড়ে একাধিক নতুন টুরিজম সার্কিট গড়ে তোলা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। সরকারের মূল লক্ষ্য, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষ যাতে কম খরচে এই সব জায়গায় আসতে পারেন।
এদিন একই সঙ্গে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, আদানিদের হাসপাতাল আরোগ্য মন্দিরের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। রিলায়েন্সের একটি ইউনিটের ভূমিপুজো হবে চলতি মাসের ১৩ তারিখের পর। জিন্দালদের সঙ্গেও তাঁর একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে বিদ্যুৎ কেন্দ্রও আছে। রাজ্যের নতুন শিল্পনীতি তৈরি হয়েছে। শিল্পের পাশাপাশি সরকারি চাকরিতে এই সরকারের প্রথম এক বছরে এক লক্ষ নিয়োগের লক্ষমাত্রার কথাও আরও একবার স্মরণ করিয়ে দেন তিনি।

Be the first to comment