প্রতিবেদন: টিউশন সেরে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল। পথে সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রের। শুক্রবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে মাঝেরহাট এলাকা। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মৃত পড়ুয়ার নাম আনমোল ঝা। সে দুপুরবেলা টিউশন সেরে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল। তখনই ১২ চাকার একটি লরি তাকে ধাক্কা মারে। ধাক্কার জেরে সে পড়ে গেলে লরিটি তাকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পড়ুয়ার। দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তারা লরিটিকে আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। উত্তেজিত জনতা লরিটি ভাঙচুর করে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু তার মধ্যে অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ততম মাঝেরহাট এলাকা। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এখনও ঘটনাস্থলে রয়েছে বিরাট পুলিশ বাহিনী। কী ভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। লরিটিকে আটক করা হয়েছে। ষষ্ঠ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Be the first to comment