রোজদিন ডেস্ক :
ঐতিহ্যবাহী নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এবার যেন আবেগ ও গাম্ভীর্যের এক ভিন্ন আবহ তৈরি হয়েছে। পুজোর আবহে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একদিকে যেমন স্বামীর অনুপস্থিতিতে নিজের মনখারাপের কথা তুলে ধরলেন রানিমা অমৃতা রায়, তেমনই যেখান থেকে এই পুজোর উৎপত্তি, সেই ঐতিহাসিক রাজবাড়িতে মুখ্যমন্ত্রীর না আসা নিয়েও অত্যন্ত সংযত ও তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দিলেন তিনি।
জগদ্ধাত্রী পুজোর সূচনাস্থল হিসেবে পরিচিত কৃষ্ণনগর রাজবাড়িতে এবারের পুজোর আয়োজন প্রসঙ্গে রানিমা জানান, আজ তাঁর মন অত্যন্ত ভারাক্রান্ত। স্বামী আজ পাশে না থাকায় ছেলেকে সঙ্গে নিয়ে একাই সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তবে ব্যক্তিগত শোক বুকে চেপেই রাজবাড়ির প্রাচীন ঐতিহ্য রক্ষা করে চলেছেন। তাঁর কথায়, এই পুজো কেবল রাজপরিবারের নয়, বরং সমস্ত দর্শনার্থী ও দেশবাসীর মঙ্গলকামনায় নিবেদিত। দেবীর চরণে তাঁর একান্ত প্রার্থনা, সকলে যেন সুস্থ ও ভালো থাকেন এবং সর্বত্র শান্তি বজায় থাকে। দৈনন্দিন জীবনে নানা ছোটখাটো সমস্যা আসে উল্লেখ করে তিনি বলেন, সেগুলিকে অতিক্রম করার জন্য অনেক কিছু উপেক্ষা করতে হয় এবং তা করতে পারলেই সকলে নিশ্চয়ই ভালো থাকবেন।
অন্যদিকে, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কৃষ্ণনগরে এসে মুখ্যমন্ত্রী একাধিক মণ্ডপের উদ্বোধন করলেও রাজবাড়িতে কেন ঘুরেও দেখলেন না—সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সরাসরি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চাননি অমৃতা রায়। তিনি স্পষ্ট জানান, এই বিষয়ে তাঁর আলাদা করে কিছু বলার থাকে না এবং এখানে তাঁর কোনো ‘লেনাদেনার’ ব্যাপারও ছিল না। দেবীকে দর্শন করতে আসা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় বলে উল্লেখ করে তিনি গভীর আধ্যাত্মিক বিশ্বাসের সুরেই বলেন, “আমি একটা কথায় বিশ্বাস করি যে ঈশ্বর না টানলে কিন্তু হয় না। ঈশ্বর না চাইলে গাছের একটা পাতাও নড়ে না। এটাই আমার উত্তর। রাজবাড়ির পুজোর আঙিনায় দাঁড়িয়ে রানিমা অমৃতা রায়ের এই আবেগঘন অথচ সংযত বার্তা ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে।

Be the first to comment