দশে দশ

Spread the love
  1. আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো এ বার রাজ্যে স্বতন্ত্র ‘আয়ুষ দপ্তর’ গঠন করল সরকার। ভারতীয় সংবিধানের ১৬৬ নম্বর অনুচ্ছেদের তিন নম্বর দফার ক্ষমতাবলে ‘রুলস অফ বিজনেস’ সংশোধন করে নতুন দপ্তর যুক্ত করা হয়েছে।
  2. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার নবান্নে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন। দাম বাড়ার কারণ জানতে চান তাঁদের কাছে। বৈঠকে সর্ষের তেল ও চিনির দাম বাড়ার জন্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটক, রাজস্থান, হরিয়ানাকে দায়ী করেছে ‘পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশন’–সহ অন্য সংগঠনগুলি। কারণ চিনি বা সর্ষের তেলের পুরোটাই আসে ভিন্‌ রাজ্য থেকে। সেখানকার ব্যবসায়ীরা দাম বাড়ালে বাংলা–বাজারে কিছু করার থাকে না।
  3. ফের চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ১২৮২৭ হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে। অভিযোগ, খড়্গপুরে ঢোকার আগেই কিছুক্ষণ আগেই হাতিগোলা ব্রিজের কাছে ওই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তাতে একটি কামরার জানলার কাচ ভেঙে যায়।
  4. পাইপলাইন সংযোগের কাজের জন্যে আজ, বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা বিধাননগর পুরনিগম এলাকার বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। পুরসভা সূত্রে জানানো হয়েছে, ২২ থেকে ২৭, ২৯ থেকে ৩৪ এবং ৩৭ থেকে ৪১ নম্বর— মোট ১৭টি ওয়ার্ডে ১২ ঘণ্টা জল মিলবে না।
  5. রাজারহাট–নিউ টাউনের ‘হ্যাপি গার্ডেন’ আবাসনের বেসমেন্ট পার্কিংয়ে অগ্নিকাণ্ডে পুড়ে গেল একাধিক গাড়ি, মোটরবাইক। সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বেসমেন্টের গ্যারাজ, যা বেআইনি বলে অভিযোগ। সাধারণ পার্কিংয়ের জায়গায় কী ভাবে একটি গ্যারাজ তৈরি হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এক আবাসিককে আটক করেছে বিধাননগর পুলিশ।
  6. বুধবার শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকায় রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
  7. সাতসকালে বালুরঘাটের ডানলপ মোড় এলাকায় অগ্নিকাণ্ড। পুড়ে ছাই দু’টি কেকের দোকান। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।
  8. মঙ্গলবার রাতে বিহারের ভোজপুর জেলায় মফ্ফসল থানার চাকিয়া গ্রামে এক বিয়েবাড়িতে চড়াও হয় মোটরবাইক আরোহী ছয় দুষ্কৃতী। তারা তিন যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। ঘটনাস্থলেই নিহত হয় দুই যুবক। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম আরও এক যুবক।
  9. দীর্ঘদিনের বিবাদ থেকে অশান্তি ও হাতাহাতি। তার জেরেই ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তির উপরে হামলার অভিযোগ উঠল। ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের জলন্ধরে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।
  10. মহারাষ্ট্রের পালঘর জেলায় পূর্ব নইগাঁও এলাকায় বহুতলের আবাসনের ১১তলা থেকে পড়ে মৃত্যু ছয় বছরের এক নাবালকের। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ভাসাই-ভিরার এলাকার ‘নভকর টাওয়ার’ বহুতল আবাসনে ১১ তলায় প্রতিবেশী এক নাবালিকার সঙ্গে খেলছিল মিলিত দীনেশকুমার সুতার নামে ওই নাবালক। লবির জানলা থেকে আচমকাই সে পড়ে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*