অমৃতসরে বিস্ফোরণ ঘটিয়েছিলো জঙ্গিরাই, দাবি পুলিশের

Spread the love
রোজকার মতোই প্রার্থনা চলছিল হলে। ২৫০ জন নিরঙ্কারী ভক্তের সমাগমে ভরে উঠেছিল অমৃতসরের রাজাসানি। এমন সময়েই ঘটে বিস্ফোরণ। পুলিশের অনুমান, ঘটনাটি জঙ্গি হামলা। যাতে নিহত হয়েছেন তিন জন। আহত বহু।
সূত্রের খবর, মুখ ঢাকা দুষ্কৃতীরা প্রার্থনাস্থলে এসে শুধু বিস্ফোরণই ঘটায়নি, তার আগে হুমকিও দিয়েছিল। এর প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “আমার মেয়ে বলেছে, রুমালে মুখ বাঁধা লোকটা এসে ওকে গলা নিচু করে সরে দাঁড়াতে বলে। ও ভয় পেয়ে সরে দাঁড়ায়। এর পরেই ওরা বিস্ফোরণ ঘটায়!”
পুলিশ সূত্রে খবর, অমৃতসরের কাছে আদলিওয়াল গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মোটর সাইকেলে করে দুই যুবক সেখানে আসে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, তাদের মুখে কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। তারা এসে গুলি চালানো শুরু করে ও গ্রেনেড ফাটায়। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে জমায়েতের উপর দুটি গ্রেনেড ফাটিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
ঘটনার পরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ মানুষকে শান্তি বজায় রাখতে বলেছেন। পঞ্জাব পুলিশের ডিজি বলেছেন, “হামলার ধরন দেখে জঙ্গি আক্রমণই মনে হচ্ছে। আমরা সেই মতো তদন্ত করছি।” বস্তুত, কয়েক দিন আগেই গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল, ৬ থেকে ৭ জন জৈশ-ই মহম্মদ জঙ্গি ফিরোজপুর এলাকায় লুকিয়ে আছে। এমনকী গত সপ্তাহে পাঠানকোটে বন্দুক দেখিয়ে চার জনের এক দল একটা এসইউভি ছিনতাই করেছিল বলেও খবর। তাই এই বিস্ফোরণের সঙ্গে জঙ্গি যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*