এসআইআরকে সামনে রেখে প্রায় ৬ মাস আগেই নির্বাচনী টিমকে আসরে নামার নির্দেশ অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআরকে সামনে রেখে নির্বাচনের প্রায় ৬ মাস আগেই পুরো টিমকে আসরে নামিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারের ভার্চুয়াল সভা থেকে সেই নির্দেশই দিলেন তিনি। বললেন, এসআইআর সংক্রান্ত কাজে কোনওরকম শৈথিল্য নয়। এসব বরদাস্ত করবে না দল। একশো শতাংশ এনুমারেশন ফর্ম ফিলআপ করানো এবং জমা দিতে হবেই। বিএলএ ২রা এটা নিশ্চিত করবেন। একই সঙ্গে তিনি সময় বেঁধে দিয়ে বিধায়ক ও সাংসদদের জেলাওয়ারি আলাদা দায়িত্ব দিলেন তিনি। আগামী ৯ দিন একাধিক জেলায় পড়ে থেকে কাজ করবেন বিধায়করা। বিশেষ করে ফর্ম ফিলাপ, অ্যাপে তথ্য তোলার কাজ নিয়ে পরিষ্কার অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। বহু জায়গায় বিএলএ ২-এর কাজ নিয়ে সতর্ক করেন অভিষেক। তাঁর কথায়, নির্বাচনটা এখন ৬ মাসের। তাই এখন থেকে বাকি সব ভুলে দল যাকে যে দায়িত্ব দেবে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এটা যুদ্ধের সময়। এই সময় যারা দলের সঙ্গে থাকবে না, তাঁদের পাশে দলও থাকবে না, সাফ জানিয়ে দেন দলের সেকেন্ড ইন কমান্ড।

এদিন তিনি দিল্লিতে দুটি কর্মসূচির ঘোষণা করেন। তিনি বলেন, দলের ১০ জন সাংসদের দল মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যাবে৷ এখানে এসআইআরের জেরে একের পর এক বিএলও ও সাধারণ ভোটারদের মৃত্যু হচ্ছে তা কমিশনকে তাঁরা জানাবেন। এসআইআর পর্বে এখনও পর্যন্ত মৃত ৩৫ জনের কাগজ জমা দিয়ে কৈফিয়ত চাইবে। এছাড়া কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও জলশক্তি মন্ত্রকে বাংলার বকেয়া নিয়ে দরবার করবে তৃণমূল। এই ইস্যুতে দিল্লিতে বড় আকারের কর্মসূচির ঘোষণা করেন অভিষেক।

এছাড়াও রাজ্যের প্রতিটি জেলা, ব্লক, বুথ ধরে নাম ধরে তথ্য দিয়ে সকলকে সতর্ক করেন অভিষেক। উত্তর ও দক্ষিণ কলকাতার অনেক জায়গায় বিএলএ-২ রেজিস্ট্রেশন করছে না। ফর্ম ভরা বা সাবমিট করার যে তৎপরতা দরকার সেটাও হচ্ছে না বলে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এরজন্য কলকাতার দুটি জেলাকে নিয়ে আলাদা করে বৈঠকে বসার কথা জানান তিনি। এদিন সকালে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলে তাঁদের বিশেষ দায়িত্ব দিয়েছেন অভিষেক। মঙ্গলবার উত্তর কলকাতার সাংগঠনিক বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠক হবে মোহিত মঞ্চে। এদিনের বৈঠকে সতর্ক করে দিয়ে অভিষেক বলেন, যাঁরা মনে করছেন, তাঁদের ভোট হয়ে গেছে তাই অতটা গা না-লাগলেও চলে, তাঁরা ভুল করছেন। পারফরম্যান্সের ভিত্তিতেই দল আপনাদের ভোটের টিকিট দেবে।

সাংগঠনিক ভাবে যারা এসআইআর-এ ভালো কাজ করেছে তারা হল ধনেখালি, হরিপাল, সিঙ্গুর, করণদিঘি, তারকেশ্বর, বালি, গোয়ালপোখর, রঘুনাথগঞ্জ, চাকুলিয়া ও রায়গঞ্জ। পিছিয়ে আছে বালিগঞ্জ, বনগাঁ দক্ষিণ, বেলেঘাটা, এন্টালি, মধ্যমগ্রাম, কলকাতা পোর্ট, কাশীপুর বেলগাছিয়া, চৌরঙ্গী বিধানসভা। অ্যাপে লগ ইন সংক্রান্ত সমস্যা মেটাতে একটি ফোন নম্বরও এদিন দেন অভিষেক। সেটি হল ৮১৪২৬৮১৪২৬।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*