কৃষ্ণনগরে আবার দলবদল, বিজেপিতে ফিরলেন অরূপ দাস, ভোটের আগে বাড়ছে রাজনৈতিক জল্পনা

Spread the love

নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর:
নির্বাচনের প্রাক্কালে নদিয়ার কৃষ্ণনগরের রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনার কেন্দ্রে অরূপ দাস। সোমবার সন্ধ্যেবেলা তিনি পুনরায় বিজেপিতে যোগদান করেন। তাঁর সঙ্গে তৃণমূলের আরও বেশ কয়েকজন কর্মীও এদিন গেরুয়া শিবিরে নাম লেখান বলে জানা গেছে।

অরূপ দাসের রাজনৈতিক যাত্রাপথ বরাবরই চর্চার বিষয়। প্রথম জীবনে সিপিআইএমের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতিতে আত্মপ্রকাশ। পরে মুকুল রায়-এর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। কিন্তু রাজনৈতিক পালাবদলের সঙ্গে তাল মিলিয়ে, মুকুল রায় যখন তৃণমূলে ফিরে যান, তখন অরূপও তৃণমূলের দিকে ঝুঁকে পড়েন। সেই ধারাবাহিকতায় এবার ফের বিজেপিতে প্রত্যাবর্তন।

এই ধারাবাহিক দলবদল ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। ভোটের মুখে এই যোগদান বিজেপির সংগঠনে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। একই সঙ্গে বিরোধী শিবিরের তরফে কটাক্ষও শোনা যাচ্ছে।

একজন স্থানীয় রাজনৈতিক নেতা কড়া ভাষায় মন্তব্য করে বলেন, “অরূপ কখন কোন দলে থাকবে, সেটা হয়তো উনিও জানেন না। রাজনৈতিক দল নিয়ে উনি রীতিমতো ছেলেখেলা করছেন। কখনও লাল, কখনও গেরুয়া, কখনও সবুজ—মানুষের চোখে তাঁর বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই ধরনের দলবদল সাময়িকভাবে সংগঠনে গতি আনলেও, দীর্ঘমেয়াদে ভোটব্যাঙ্কে কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করবে সাধারণ মানুষের প্রতিক্রিয়ার উপরই। কৃষ্ণনগরের ভোটাররা এই ঘটনাকে কীভাবে দেখছেন, সেটাই এখন দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*