রোজদিন ডেস্ক : বন্দে মাতরম বিতর্ক, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহরুকে অপমানের চেষ্টা ছাড়া কিছু নয় বলে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ মন্তব্য করেছেন। রাজ্যসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনায় অংশ নিয়ে শাসক বিজেপির উদ্দেশ্যে তোপ দেগে তিনি বলেন, যখন ওরা (বিজেপি) নেহরুকে অপমান করে, তা স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া প্রতিটি মানুষেরই অপমান।
সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চ্যাটার্জির অমর সৃষ্টি বন্দে মাতরম-এর দেড়শো বছর পূর্তি উপলক্ষে সংসদের উভয় সভায় এই বিষয়ে আলোচনায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী-সহ বিজেপির মূল নিশানাই ছিল কংগ্রেস। কংগ্রেস বন্দে মাতরম-এর কিছু অংশ কেটে দেওয়ার মাধ্যমেই ভারত ভাগের বীজ রোপন হয়েছিল বলে আগেই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী।
যা খন্ডন করেছেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী-সহ অন্য কংগ্রেস সাংসদরা। সুবক্তা জয়রাম রমেশের ভাষণে তা বিশদ, প্রাঞ্জলভাবে উপস্থাপিত করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা চিঠি, ইতিহাসবিদ সুগত বসু, সব্যসাচী ভট্টাচার্য প্রমুখের লেখা বই তুলে ধরে তিনি জানিয়ে দেন, কেন, কোন প্রেক্ষিতে বন্দে মাতরমকে জাতীয় গান করার সিদ্ধান্ত হয়েছিল।
রবীন্দ্রনাথ ঠাকুর, নেহরু, কংগ্রেসকে বন্দেমাতরম প্রসঙ্গে অপমান করায় গতকালই তিনি প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছিলেন।

Be the first to comment