প্রতিবেদন: কলকাতার পরিবহণ পরিকাঠামোর আধুনিকীকরণ এবং ঐতিহ্যবাহী ট্রাম (CALCUTTA TRAMWAYS COMPANY) পরিষেবার পুনরুজ্জীবন নিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে বৈঠক করলেন কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চ। মঙ্গলবার পরিবহণ দফতরে অনুষ্ঠিত বৈঠকে কলকাতার পরিবহণ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণ নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে পরিবহণমন্ত্রী জানান, কলকাতায় ট্রাম পরিষেবার পুনরুজ্জীবনে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। সেই লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সংস্থা রাইটস বর্তমানে সমীক্ষার কাজ করছে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
পরিবহণমন্ত্রী আরও জানান, সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে সে দেশের আধুনিক পরিবহণ ব্যবস্থা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তাঁর। রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নয়নে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার। বৈঠকে বার্নার্ড লিঞ্চ কলকাতার পরিবহণ পরিকাঠামোর উন্নয়নে অজি সংস্থাগুলির আগ্রহের কথা জানান। জবাবে পরিবহণমন্ত্রী বলেন, সরকারি নিয়ম ও টেন্ডার প্রক্রিয়া মেনেই আগ্রহী অস্ট্রেলীয় সংস্থাগুলি এখানে অংশ নিতে পারবে। ওই বৈঠকে কনসাল জেনারেলের সঙ্গে অস্ট্রেলিয়ান কনস্যুলেটের একাধিক আধিকারিকও উপস্থিত ছিলেন।

Be the first to comment